হার্দিক-জয়াবর্ধনের ভবিষ্যৎ নিয়ে ইংল্যান্ডে মুম্বাইয়ের সভা

আইপিএল
মাহেলা জয়াবর্ধনে ও হার্দিক পান্ডিয়া, ফাইল ফটো
মাহেলা জয়াবর্ধনে ও হার্দিক পান্ডিয়া, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শেষবারের আইপিএলে হতাশাজনক আসরের পর বড় ধরনের পর্যালোচনায় যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগামী সপ্তাহে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে দলের নেতৃত্ব, প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের ভবিষ্যৎ এবং ক্রিকেটার অদলবদলের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। বৈঠকে অংশ নেবেন দলটির মালিকপক্ষ ও শীর্ষ কর্মকর্তারা।

গত আসরে নবম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করে পাঁচবারের শিরোপাজয়ীরা। তার আগে এক মৌসুমে চতুর্থ হলেও এবার প্রত্যাশা পূরণ হয়নি। ফলে আগামী আসর সামনে রেখে দলের প্রায় সব দিক নতুন করে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই।

প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের ভবিষ্যৎও এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়। ২০২৫ সালের আগে দায়িত্বে ফিরলেও তার অধীনে দল কাঙ্ক্ষিত ধারাবাহিকতা পায়নি। এ বিষয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘দলটি জয়াবর্ধনেকে দায়িত্বে রাখবে, নাকি নতুন কাউকে দিয়ে নতুনভাবে শুরু করবে, সেই সিদ্ধান্তই নেওয়া হতে পারে এই বৈঠকে।’

দলের বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে। একাধিক দল তাকে দলে নেয়ার আগ্রহ দেখিয়েছে বলে জানা গেলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মুম্বাইয়ের পরবর্তী পরিকল্পনার ওপরই নির্ভর করবে হার্দিককে রেখে দেওয়া হবে, নাকি তাকে ট্রেড তালিকায় রাখা হবে।

নেতৃত্বের প্রশ্নেও সিদ্ধান্ত নিতে হবে মুম্বাইকে। হার্দিকের ভবিষ্যৎ অনিশ্চিত হলে জসপ্রীত বুমরাহ ও তিলক ভার্মা- এই দুজনকে সম্ভাব্য অধিনায়ক হিসেবে বিবেচনা করা হতে পারে। গত আসরে হার্দিক ও সূর্যকুমার যাদব না থাকায় এক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। এর আগে তিনি ভারতেরও নেতৃত্ব দিয়েছেন এবং নিজেকে নেতৃত্বের জন্য প্রস্তুত বলে প্রমাণ করেছেন।

অন্যদিকে তিলককে ভবিষ্যতের নেতৃত্বের সম্ভাবনাময় মুখ হিসেবে দেখা হলেও তার অভিজ্ঞতা এখনো তুলনামূলক কম। তাই নেতৃত্বের দায়িত্ব দেয়ার আগে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবে দলটির ম্যানেজমেন্ট। আগামী সপ্তাহের এই বৈঠক থেকেই ২০২৭ সালের আসরের প্রস্তুতির রূপরেখা ঠিক করবে মুম্বাই।

আরো পড়ুন: