দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টের বাইরে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত ও পাকিস্তান। বিরাট কোহলি-বাবর আজমদের ম্যাচ যেন বিজ্ঞাপনদাতা ও প্রচারস্বত্ব পাওয়া প্রতিষ্ঠানগুলো সোনার ডিম পাড়া হাঁসের মতো। ভারত ও পাকিস্তানের যত বেশি ম্যাচ হবে প্রতিষ্ঠানগুলোর ততো বেশি লাভ। সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সঙ্গে লড়াই করে পেরে উঠতে পারছে না পাকিস্তান।
এমন পরিস্থিতিতে বেশিরভাগ সময়ই নক আউটে দুই দেশের লড়াই দেখা যায় না। বিবিসি স্পোর্ট জানিয়েছে, ভারত ও পাকিস্তানের ম্যাচ যেন আরও বেশি আয়োজন করা যায় এজন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটই পরিবর্তন করেছে আইসিসি। পুরনো নিয়মে পাঁচটি করে দল নিয়ে চারটি গ্রুপ করা হতো। তবে নতুন ফরম্যাট অনুযায়ী, টুর্নামেন্টের ২০ দলকে মোট পাঁচটি গ্রুপে বিভক্ত করা হবে।
যেখানে প্রতিটি গ্রুপে চারটি দল থাকবে। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের সেরা দুইটি করে দল পরের রাউন্ডে যাবে। পুরনো নিয়মে দ্বিতীয় রাউন্ড হতো সুপার এইট নামে। তবে এখন সেটার নাম দেওয়া হয়েছে সুপার টেন। পাঁচটি করে দল নিয়ে দুইটি গ্রুপ করা হবে। প্রতি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দুই দল সরাসরি সেমিফাইনাল খেলবে। গ্রুপে যারা দ্বিতীয় এবং তৃতীয় হবে তারা খেলবে এলিমিনেটর।
এলিমিনেটরে যারা জিতবে তারা তৃতীয় ও চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠবে। পরবর্তীতে সেমিফাইনালে জেতা দুই দলকে নিয়ে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ওয়ানডে বিশ্বকাপে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন ফরম্যাট অনুযায়ী, রাউন্ড ওয়ানে খেলবে ১২, ১৩ এবং ১৪তম দল। রাউন্ড রবিন পদ্ধতিতে দলগুলো একে অপরের বিরুদ্ধে খেলবে।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি রাউন্ড টুতে উঠবে। সরাসরি সুযোগ পাওয়া ১১ দলের সঙ্গে রাউন্ড ওয়ান থেকে উঠে আসা দলটিকে নিয়ে রাউন্ড টু হবে। যেখানে ১২ দলকে দুইটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে ছয়টি করে দল থাকবে। এই পর্বে মোট ৩০টি ম্যাচ হবে। প্রতিটি গ্রপের সেরা তিনটি করে মোট ছয়টি দল সুপার সেভেনে উঠবে। ছয় দলের বাইরের সেরা সাত নম্বর দলটিও সুযোগ পাবে সুপার সেভেনে।
এখানে রাউন্ড রবিন পদ্ধতিতে দলগুলো একে অপরের বিপক্ষে খেলবে। ২১ ম্যাচের সুপার সেভেন রাউন্ড শেষে সেরা চারটি দল সুযোগ পাবে সেমিফাইনালে। পরবর্তীতে সেমিফাইনালে জেতা দলগুলোকে নিয়ে হবে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ থেকেই এই নিয়ম কার্যকর করবে আইসিসি। টি-টোয়েন্টির নতুন ফরম্যাটে খেলা হবে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ।