ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতিয়ে শীর্ষস্থানের আরও কাছে গিল

আইসিসি র‍্যাঙ্কিং
শুভমান গিল, ফটো
শুভমান গিল, ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় দিয়ে সাম্প্রতিক বাজে সময় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত। সেই জয়ের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। প্রথম ওয়ানডে ম্যাচ জেতানো ইনিংস খেলে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের আরো কাছাকাছি গিল। দারুণ পারফরম্যান্স করে উন্নতি করেছেন জসপ্রিত বুমরাহ-অক্ষর প্যাটেলরাও। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে ৪-০ ব্যবধানে হারানোতে বড় অবদান রেখে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০-এ উঠে এসেছেন হ্যারি ব্রুক।

সিরিজের প্রথম ম্যাচে গিল ৭৫ বলে ৮০ রানে অপরাজিত থেকে চোটের কারণে মাঠ ছাড়ার আগে ভারতের জয়ের ভিত গড়ে দেন। ইনিংসে ছিল ১১টি চার ও একটি ছক্কা। এই ইনিংসের সুবাদে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১২ রেটিং পয়েন্ট যোগ হয়েছে গিলের। এখন শীর্ষে থাকা নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলের চেয়ে মাত্র ১১ রেটিং পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে ৯৩ রান করা মিচেল আপাতত শীর্ষস্থান ধরে রেখেছেন।

প্রথম ওয়ানডেতে বুমরাহ ৩১ রান দিয়ে ১ উইকেটের পাশাপাশি দারুণ বোলিংয়ের পর ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বুমরাহর। তিনি উঠে এসেছেন ২৪তম স্থানে। গিল রিটায়ার্ড হার্ট হওয়ার পর ভারত কিছুটা চাপে পড়লেও অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর অপরাজিত ১০২ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। অক্ষর ৫২ বলে অপরাজিত ৫৭ রান করার পাশাপাশি বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন।

এই পারফরম্যান্সে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে ৭৩তম স্থানে উঠেছেন অক্ষর। বোলিংয়ে দুই ধাপ এগিয়ে এখন তার অবস্থান ৪২তম। সবচেয়ে বড় উন্নতি হয়েছে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে, যেখানে তিনি প্রথমবারের মতো শীর্ষ দশে উঠে নবম স্থানে জায়গা করে নিয়েছেন।

ওয়াশিংটন সুন্দরও ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১৭৭তম এবং অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠে এসেছেন।ইংল্যান্ডের জো রুট ৭৬ রানের ইনিংস খেলে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে ১২তম স্থানে উঠেছেন। একই ম্যাচে ৬৮ রান করা লিয়াম ডসন ৮১ ধাপ এগিয়ে এখন ২৬২তম স্থানে।

অন্যদিকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দাপুটে পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ব্রুক। পাঁচ ম্যাচে ২২৯ রান করে সিরিজসেরা হওয়ায় তিনি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন। শেষ ম্যাচে ক্যারিয়ারসেরা ১৩১ রান করা জস বাটলার এক ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে। আর চার ম্যাচে ৭ উইকেট নেওয়া জফরা আর্চার আট ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে ১৮তম স্থানে উঠে এসেছেন।

ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজও র‍্যাঙ্কিংয়ে প্রভাব ফেলেছে। ক্যারিয়ারসেরা ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের জেডেন লেনক্স ৩১ ধাপ এগিয়ে যৌথভাবে ৬৬তম স্থানে উঠেছেন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ দুই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে এসেছেন।

ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ অপরাজিত ৮৭ রানের ইনিংসে এক ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে। কেসি কার্টি দুই ম্যাচে ১১৩ রান করে পাঁচ ধাপ এগিয়ে শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছেন।

জিম্বাবুয়ে-বাংলাদেশ ওয়ানডে সিরিজেও কয়েকজনের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। জিম্বাবুয়ের বেন কারান ৩১ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে উঠেছেন। সিরিজসেরা ব্র্যাড ইভান্স ১১১ রান ও ৫ উইকেট নিয়ে ব্যাটিংয়ে ১৪৮ ধাপ এগিয়ে যৌথভাবে ১৬৭তম, বোলিংয়ে চার ধাপ এগিয়ে ১০৭তম এবং অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৮২ ধাপ এগিয়ে যৌথভাবে ৯০তম স্থানে পৌঁছেছেন।

আরো পড়ুন: