দিল্লিতে ফিরছেন পান্ত, যা বলছেন অধিনায়ক অক্ষর

আইপিএল
ঋষভ পান্ত ও অক্ষর প্যাটেল, ফাইল ফটো
ঋষভ পান্ত ও অক্ষর প্যাটেল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দীর্ঘ সময় পর আবারও দিল্লি ক্যাপিটালস শিবিরে ফিরেছেন ঋষভ পান্ত। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে তাকে দলে ভেড়ানোর পরই শুরু হয়েছে নেতৃত্ব নিয়ে আলোচনা। গত মৌসুমে অক্ষর প্যাটেল দলের নেতৃত্ব দিলেও আগামী আসরে সেই দায়িত্ব পান্তের হাতে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দিল্লি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পান্তকে ঘিরে পরিকল্পনার ইঙ্গিত স্পষ্ট। এমন পরিস্থিতিতে জাতীয় দলের সতীর্থকে স্বাগত জানিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অক্ষর।

দলের প্রকাশিত এক বার্তায় অক্ষর বলেন, 'অধিনায়ক হিসেবে পান্তকে আমি পূর্ণ স্বাধীনতা দেব। আমাদের সম্পর্ক কখনও অধিনায়ক আর সাধারণ ক্রিকেটারের মতো ছিল না। আগে যখন দিল্লিতে ছিল, তখন আমি ওর নেতৃত্বে খেলেছি। আমরা সব সময় নিজেদের বোঝাপড়ার মাধ্যমে কাজ করেছি, ভবিষ্যতেও সেটাই হবে।'

অক্ষরের মতে, দীর্ঘদিন একসঙ্গে খেলার অভিজ্ঞতা দুজনের কাজকে সহজ করবে। জাতীয় দল ও আইপিএলে একসঙ্গে খেলতে খেলতে একে অপরের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে ভালো ধারণা তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি।

তিনি আরও বলেন, 'পান্ত জানে, ও দলের জ্যেষ্ঠ ক্রিকেটার। আমিও জ্যেষ্ঠ ক্রিকেটার। কোন পরিস্থিতিতে কী করা উচিত, সেটা আমরা দুজনেই বুঝি। ওর ওপর আমি কোনো বাড়তি চাপ দিতে চাই না। দলের পক্ষ থেকেও চাপ থাকা উচিত নয়। এই দলটা ওর নিজের ঘরের মতো।'

পান্তের ক্রিকেটীয় সামর্থ্যের ওপরও পূর্ণ আস্থা রয়েছে অক্ষরের। তার বিশ্বাস, একজন ক্রিকেটার হিসেবে পান্তকে নিজের স্বাভাবিক খেলাটা উপভোগ করার সুযোগ দেয়া প্রয়োজন।

অক্ষরের ভাষায়, 'ছন্দ এবং কিছু বিষয় সাময়িক। কিন্তু দক্ষতা ও মান স্থায়ী। পান্তের মতো ক্রিকেটারকে নিজের মতো খেলার স্বাধীনতা দেয়া উচিত। আমি সেটাই দিতে চাই।'

আরো পড়ুন: