সূর্যবংশীকে ঘিরে প্রশংসার শেষ নেই। অনেকেই তাঁর মধ্যে ভবিষ্যতের বড় তারকার সম্ভাবনা দেখছেন। তবে ভারতের কিংবদন্তি অধিনায়ক কপিল দেব মনে করেন, প্রতিভার স্বীকৃতি দেওয়া গেলেও এখনই চূড়ান্ত মূল্যায়নের সময় আসেনি।
কপিল বলেন, 'সূর্যবংশী এখনও খুবই ছোট। হ্যাঁ, সে এক বিশেষ প্রতিভা, এই তো। মাত্র ১৬ বছরের এক কিশোর এবং তার যা কিছু আছে, সবকিছুই ক্রিকেটই। যখন তার বয়স ২০-২২ হবে, তখন আমরা বিচার করব।'
সূর্যবংশীকে নিয়ে আলোচনা উঠলেই স্বাভাবিকভাবেই সামনে চলে আসে শচিন টেন্ডুলকারের নাম। ভারতের সাবেক এই অধিনায়কও সেই তুলনার কথা স্মরণ করেছেন। তবে তার মতে, সম্ভাবনা আর দীর্ঘ পথচলার মধ্যে পার্থক্য রয়েছে।
কপিলের ভাষায়, 'তার প্রতিভা নিঃসন্দেহে অসাধারণ। সে ১৬ বছর বয়সের শচীনের মতো, কিন্তু সে কি অতদিন খেলতে পারবে? তাকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।'
সেই পথের পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আয়ারল্যান্ডের বিপক্ষে সুযোগ পেলে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কীর্তি গড়বেন সূর্যবংশী।