নাইট ক্লাবের ঘটনায় ক্ষমা চাইলেন স্টোকস

ইংল্যান্ড ক্রিকেট
সংবাদ সম্মেলনে বেন স্টোকস
সংবাদ সম্মেলনে বেন স্টোকস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার শুরু হচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট। ম্যাচের আগে নাইটক্লাব বিতর্ক নিয়ে ক্ষমা চেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। কারফিউ ভঙ্গের ঘটনাটি দলের অনেকের ওপর প্রভাব ফেলেছে বলে স্বীকার করেছেন তিনি।

বিশেষ করে এই ঘটনা প্রভাব ফেলেছে অভিষেক হওয়া জর্ডান কক্স, সনি বেকার ও জেমস রিউয়ের কাছে। তাদের কাছেও দুঃখপ্রকাশ করেছেন স্টোকস। তিনি মনে করেন নাইট ক্লাবের ঘটনা তাদের অভিষের মুহূর্তটিকে ছাপিয়ে গেছে। বিষয়টি খারাপ লেগেছে স্টোকসেরও।

তিনি টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘অবশ্যই আমি ক্ষমা চেয়েছি। অধিনায়ক হিসেবে সেটাই ছিল আমার প্রথম কাজগুলোর একটি। এমন পরিস্থিতি শুধু আমাকে নয়, আরও অনেককে প্রভাবিত করেছে। জো রুট, দলের সদস্যরা এবং মাঠের বাইরের অনেক মানুষও এর প্রভাব অনুভব করেছেন। নিশ্চয়ই এটি অভিষেক হওয়া ছেলেদের ওপর প্রভাব ফেলেছে। দিনটি তাদের জন্য বিশেষ হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা একটি ঘটনা ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকের মতো বড় মুহূর্তকে ছাপিয়ে গেছে।’

এমন ঘটনায় দায় নেয়া এবং সবার সামনে ক্ষমা চাওয়াটাই একজন নেতার কর্তব্য। তাই প্রকাশ্যে ক্ষমা চাইতে তার কোনো আপত্তি নেই। তিনি যোগ করেন, ‘এ বিষয়টি স্বীকার না করা এবং এড়িয়ে যাওয়া আমার জন্য বোকামি ও সরলতা হতো। একটি দলের নেতা হিসেবে আপনার দায়িত্ব থাকে। সবকিছু ভালো চলার সময় নেতৃত্ব দেওয়া সহজ, কিন্তু কঠিন পরিস্থিতিতেও দায়িত্ব নিতে হয়।’

স্টোকস বিশেষভাবে ক্ষমা চেয়েছেন জো রুটের কাছেও। স্টোকসের অনুপস্থিতিতে আবারও অধিনায়কের দায়িত্ব নিতে হয়েছিল ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে। দুজনেই এক সঙ্গে খেলেছেন ছেলেবেলা থেকে। হুট করে তার অধিনায়কের দায়িত্ব নেয়াও সহজ ছিল না বলে দাবি করেছেন স্টোকস। তবে সব কিছু পেছনে ফেলে সিরিজ জয়ের দিকেই ইংল্যান্ডের মনোযোগ। এই বিষয়টি নিশ্চিত করেছেন ইংলিশ অধিনায়ক।

স্টোকস বলেন, ‘জো রুট ও আমি ছোটবেলা থেকেই একে অপরকে চিনি। সে এমন একটি পরিস্থিতিতে পড়েছিল, যা সে কখনো ভাবেনি আবার তার সামনে আসবে। অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পর তাকে আবার সেই দায়িত্ব নিতে হয়েছে। মাঠের পারফরম্যান্সের দিক থেকে সে যে এই খেলার অন্যতম সেরা, তা সবাই জানে। তবে গত সপ্তাহে যেভাবে সে সামনে এসে দায়িত্ব নিয়েছে, তা তার অসাধারণ ব্যক্তিত্বেরও প্রমাণ।’

স্টোকস দলের প্রত্যাশা নিয়ে বলেন, ‘এ মুহূর্তে আমার মনোযোগ দল ও সিরিজের দিকে। এই সপ্তাহটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাইরে যা-ই ঘটুক না কেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা সব সময়ই দারুণ কিছু সিরিজ খেলেছি। আবার ট্রেন্ট ব্রিজে ফিরেছি, যেখানে অতীতে আমরা অনেক বিশেষ মুহূর্ত তৈরি করেছি।’

আরো পড়ুন: