১৫ কোটিতে লক্ষ্ণৌ ছেড়ে দিল্লিতে ফিরছেন পান্ত

আইপিএল
বিসিসিআই
বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মৌসুম শেষেই লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান ঋষভ পান্ত। অধিনায়কত্বের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিও ছাড়ছেন বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ট্রেডের মাধ্যমে লক্ষ্ণৌ ছেড়ে দিল্লি ক্যাপিটালসে ফিরছেন পান্ত।

আইপিএলের সবশেষ আসরে প্লে-অফে উঠতে পারেনি লক্ষ্ণৌ। গ্রুপ পর্বে ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতে পেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে আইপিএল শেষ করতে হয়েছে তাদের। এমন পারফরম্যান্সের পর টুর্নামেন্ট শেষে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান পান্ত। শিরোপা জেতার আশায় মেগা নিলাম থেকে ২৭ কোটি রুপিতে পান্তকে কিনে নিয়েছিল লক্ষ্ণৌ।

টানা দুই মৌসুমে তাদের হয়ে খেলার পাশাপাশি নেতৃত্ব দিয়েও সাফল্য এনে দিতে পারেননি। প্রত্যাশার চাপ সামলাতে না পারায় টুর্নামেন্ট চলাকালীনই বাঁহাতি ব্যাটারকে নিয়ে প্রশ্ন উঠেছে। মৌসুম শেষ হওয়ার পর মাসখানেকের মধ্যেই লক্ষ্ণৌ ছাড়ার গুঞ্জন উঠেছে। ক্রিকবাজ জানিয়েছে, পান্তকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে লক্ষ্ণৌ। সেই সুযোগটা কাজে লাগিয়ে তাকে আবারও ফেরাতে মরিয়া দিল্লি।

নিলামের আগে ট্রেডের মাধ্যমে পান্ত দলে নেওয়ার কথা ভাবছে ফ্র্যাঞ্চাইজিটি। লক্ষ্ণৌতে ২৭ কোটি রুপি পেলেও দিল্লিতে বাঁহাতি উইকেটকিপার ব্যাটারের বেতন হতে পারে ১৫ কোটি রুপি। সেই ট্রেডের অংশ হিসেবে দিল্লি থেকে কুলদীপ যাদবকে নিতে চায় লক্ষ্ণৌ। ‍ফ্র্যাঞ্চাইজিটিতে বাঁহাতি স্পিনারের বেতন হতে পারে ১৩ কোটি ২৫ লাখ রুপি। পান্ত না থাকায় তারকা হিসেবে নতুন কাউকে খুঁজতে হবে লক্ষ্ণৌর।

২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যে দিল্লির হয়ে ১১১ ম্যাচ খেলেছেন পান্ত। চোটের কারণে ২০২৩ আইপিএলে খেলতে পারেননি তিনি। তিন মৌসুমে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন ৪৩ ম্যাচে। পান্ত ফিরলে তার কাঁধে অধিনায়কত্বও তুলে দিতে পারে ফ্র্যাঞ্চাইটি। কোচিং স্টাফেও পরিবর্তন আসতে যাচ্ছে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন যুবরাজ সিং। হেড অব ক্রিকেট হিসেবে ফিরছেন সৌরভ গাঙ্গুলি।

আরো পড়ুন: