এলপিএলের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলা হচ্ছে না লিটন-তাসকিনের

এলপিএল
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল লিটন দাসের। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাচ্ছে না উইকেটকিপার ব্যাটারকে। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) জন্য টেস্ট এবং ওয়ানডে খেলেই জিম্বাবুয়ে ছাড়বেন লিটন। ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহরিয়ার নাফিস।

পেশির চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি লিটন দাস। তবে জিম্বাবুয়ে সফরের আগে চোট থেকে সেরে ওঠার কথা রয়েছে তার। ২৮ জুন জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে মাঠে ফিরবেন ডানহাতি এই ব্যাটার। টেস্ট শেষে ৬, ৯ ও ১১ জুলাই তিনটি ওয়ানডেও খেলবে লিটন। ১৭ জুলাই থেকে পর্দা উঠছে এলপিএলের আগামী আসরের।

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গল গ্যালান্টসের হয়ে খেলবেন লিটন। এর ফলে ১৫, ১৭ ও ১৯ জুলাই হতে যাওয়া টি-টোয়েন্টিতে পাওয়া যাবে না তাকে। লিটনের পাশাপাশি জাফনা কিংসের হয়ে এলপিএল খেলতে যাওয়া তাসকিন আহমেদকেও পাওয়া যাবে না।

এ প্রসঙ্গে ক্রিকবাজকে বিসিবি ক্রিকেট অপারেশন্স ইনচার্জ নাফিস বলেন, ‘তারা (লিটন ও তাসকিন) জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলের অংশ নয়। তাদেরকে এলপিএলের জন্য এনওসি দেওয়া হয়েছে।’

লিটন ও তাসকিনের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও হাসান মাহমুদকে এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাসকিনের মতো জাফনার হয়ে খেলবেন তারকা অলরাউন্ডার সাকিব। মেহেদী গলের হয়ে এবং কলম্বো ক্যাপসের হয়ে খেলবেন হাসান।

আরো পড়ুন: