আইপিএল ২০২৬-এর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। নকআউট ম্যাচের তীব্র চাপের মধ্যেও পুরো আলো কেড়ে নিয়েছেন রাজস্থানের সূর্যবংশী। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করেই টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করে রাজস্থান।
ম্যাচের পর বৈভবের ব্যাটিং নিয়ে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসান টেন্ডুলকার। তরুণ এই ব্যাটারের টেকনিক ও শট খেলার ধরন দেখে মুগ্ধ হয়ে শচীন লিখেন, 'বৈভব সূর্যবংশীর ব্যাট সুইং অসাধারণ। আরও যেটা দারুণ, সেটা হলো পায়ের দিকে আসা বল খেলতে সে যেভাবে সামনের পা সরিয়ে জায়গা তৈরি করে নেয়। এই স্বাধীনতাই তাকে নিজের মতো করে খেলতে সাহায্য করে। ইনিংসটা ছিল সত্যিই অবিশ্বাস্য।'
ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় তারকার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া যে কোনো তরুণ ক্রিকেটারের জন্য স্বপ্নের মতো। ম্যাচ শেষে সাক্ষাৎকারে শচীনের মন্তব্যের কথা জানতে পেরে উচ্ছ্বাস লুকাতে পারেননি বৈভব। তিনি বলেন, 'খুব ভালো লাগছে স্যার। এটা আমাকে আরও অনুপ্রাণিত করবে। আপনি বলার আগে আমি জানতামই না। উনি তো ক্রিকেটের ঈশ্বর। তার মতো একজন কিংবদন্তি যদি আমাকে নিয়ে টুইট করেন, তাহলে সেটা অবশ্যই গর্বের ব্যাপার।'
বৈভবের ইনিংসে ভর করে সানরাইজার্সকে ৪৭ রানে হারিয়ে কোয়ালিফায়ার-২ নিশ্চিত করে রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ২৪৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। পরে ১৯৬ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ।