২০২০ সাল থেকে রাজস্থান রয়্যলসের হয়ে খেলছেন জয়সাওয়াল। এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৮২ ম্যাচে করেছেন ২৫৯২ রান। তবে চলতি আইপিএল মৌসুমে দলের সবচেয়ে বড় আলোচনার নাম ব্যাটিং বিস্ময় সূর্যবংশী। ইতোমধ্যেই ৬৮০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের স্বীকৃতি 'অরেঞ্জ ক্যাপে'র দৌড়ে শীর্ষে রয়েছেন তিনি।
অন্যদিকে, জয়সাওয়াল ১৫ ম্যাচে করেছেন ৪২৬ রান। দুটি ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তবে পুরো মৌসুমজুড়েই ওপেনিংয়ে ধারাবাহিকতার অভাব ছিল তার ব্যাটিংয়ে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এলিমিনেটর ম্যাচেও তার ধীরগতির ইনিংস সমালোচনার জন্ম দেয়। ওই ম্যাচে জয়সাওয়াল ২৯ বলে করেন ২৯ রান, যেখানে একই সংখ্যক বল খেলে সূর্যবংশী খেলেন ৯৭ রানের বিধ্বংসী ইনিংস।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে রায়ডু বলেন, ' জয়সাওয়ালের মতো প্রতিভাবান ক্রিকেটারের সবসময় অন্য কারও ছায়ায় থাকা উচিত নয়। অন্য কোনো দলে গেলে তিনি নিজেই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখেন। জয়সাওয়ালের দল বদলানো দরকার। কারণ সে সবসময় ওই ছেলেটার সঙ্গে ব্যাট করে আড়ালে পড়ে থাকতে পারে না। সে নিজেও বড় তারকা। অন্য কোনো দলে গেলে সে নিজেই ম্যাচ জেতাতে পারবে। তার নিজের জায়গা ও মঞ্চ দরকার।''
তিনি আরও বলেন, 'সূর্যবংশী এভাবেই অন্যদের ছাপিয়ে যাবে। তার পাশে এমন একজন সিনিয়র ক্রিকেটার দরকার, যে প্রতিযোগিতায় না গিয়ে তাকে সমর্থন করবে এবং তার সাফল্যে খুশি থাকবে।'
জয়সাওয়াল যদি সত্যিই নিলামে নাম লেখান, তাহলে তাকে দলে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাবে বলেও মনে করেন রায়ডু। তবে তার মতে, মুম্বাই ইন্ডিয়ান্স হতে পারে ভারতীয় এই ওপেনারের জন্য সবচেয়ে উপযুক্ত গন্তব্য।
রায়ডু বলেন, 'মুম্বাই ইন্ডিয়ান্স জয়সওয়ালের জন্য খুব ভালো দল হতে পারে।'
তার মতে, রোহিত শর্মা ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ায় ভবিষ্যতের পরিকল্পনায় জয়সওয়ালকে দলে নেওয়া মুম্বাইয়ের জন্যও হতে পারে আদর্শ সিদ্ধান্ত।