মঙ্গলবার ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরুর প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। গ্রুপ পর্ব শেষে দুই দলেরই পয়েন্ট ছিল সমান। তবে রান গড়ে এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করে বেঙ্গালুরু। এখন দুই দলের লক্ষ্য একটাই, সরাসরি ফাইনালে জায়গা করে নেয়া।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রজত পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাদের মূল ভরসা বোলিং বিভাগ। বিশেষ করে শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনাতেই এগোতে চান তারা।
'আমাদের শক্তি হলো বোলিং। শুরুতে আমরা যেভাবে বল করি, সেটাই খুব গুরুত্বপূর্ণ হবে। আমরা এখানে রান আটকে রাখতে এসেছি, আর সেই সঙ্গে আক্রমণাত্মক মানসিকতাও ধরে রাখতে চাই।'
প্রতিপক্ষের ওপর দ্রুত চাপ তৈরি করার দিকেই জোর দিচ্ছেন বেঙ্গালুরু অধিনায়ক। তার বিশ্বাস, ধারাবাহিকভাবে একই পরিকল্পনা কাজে লাগাতে পারলেই পার্থক্য গড়ে দেওয়া সম্ভব হবে।
'আমরা শুরুতেই উইকেট নেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত আমরা সেটাই করে এসেছি। বারবার একই কাজ করতে থাকলে সেটিই পার্থক্য গড়ে দেবে। ভুবনেশ্বর, হ্যাজেলউড ও রাসিখ ঠিক এভাবেই বল করে আসছে। আশা করি, আমরা এই ধারা ধরে রাখতে পারব।'
রজতের এই আত্মবিশ্বাসের পেছনে পরিসংখ্যানও আছে। ৩৬ বছর বয়সী ভুবনেশ্বর কুমার এবারের আসরে ১৪ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট। প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তিনি আছেন যৌথভাবে শীর্ষে। অন্যদিকে চোট কাটিয়ে ফেরা হ্যাজেলউড নিয়েছেন ১২ উইকেট, আর রাসিখ সালামের শিকার ১৪টি।
এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে উঠে যাবে। পরাজিত দলের সামনে অবশ্য আরেকটি সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। তবে প্রথম সুযোগেই কাজ শেষ করতে চায় বেঙ্গালুরু।