দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হারের পর অধিনায়ক রাহানেকে প্রশ্ন করা হয়েছিল, টানা হারের ফলে অধিনায়কত্ব ছাড়ার কথা ভেবেছিলেন কিনা। কলকাতার এই অধিনায়ক স্পষ্ট জানিয়েছেন, তিনি কখনও চ্যালেঞ্জ থেকে পিছিয়ে যাওয়ার মানুষ নন। তাই অধিনায়কত্ব ছাড়ার ভাবনাও মাথায় আসেনি তার।
রাহানে বলেন, 'আমরা ক্রিকেটাররা আজ যেখানে আছি, তা সমর্থকদের কারণেই। ভালো খেললে তারা প্রশংসা করবে, খারাপ খেললে সমালোচনাও করবে। এটা খেলারই অংশ। প্রতিটি ক্রিকেটার এটা বোঝে। আমি সব সময় ইতিবাচক মানসিকতা নিয়ে ক্রিকেট খেলেছি। চরিত্র আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি কখনও পিছিয়ে যাওয়ার মানুষ নই।'
তিনি যোগ করেন, 'দল যখন কঠিন সময়ে থাকে, তখনই আপনার চরিত্রের পরীক্ষা হয়। চাপ আসবেই, এটা স্বাভাবিক। চাপ থাকে তাদের ওপরই, যারা বিশেষ কিছু করার সুযোগ পায়। সবাই চাপ সামলাতে পারে না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজেকে শক্ত রাখা এবং আতঙ্কিত না হওয়া।'
রাহানে আশায় ছিলেন যেকোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যাবে। কলকাতা ব্যর্থতা পেছনে ফেলে ঘুরেও দাঁড়িয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি দলটির। রাহানে জানিয়েছেন তিনি দলের সবাইকে বলেছিলেন বিশ্বাস রাখতে। একটি ম্যাচই ভাগ্য বদলে দিতে পারে। তাই বেশ কিছু পরিবর্তনও করেছিল কলকাতা।
সেই পরিকল্পনা নিয়ে রাহানে বলেন, 'টানা ৫-৬ ম্যাচ হারলে খুব সহজেই মন অতীত বা ভবিষ্যতের দিকে চলে যায়। কিন্তু গুরুত্বপূর্ণ হলো বর্তমানেই থাকা। যেকোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। আমরা বহু ম্যাচ ও সিরিজে এমনটা দেখেছি। সেই বিশ্বাস আর মানসিকতা ধরে রাখতে হয়। আমি কখনও কোনো কিছু থেকে পিছিয়ে যাইনি, তাই এসব চিন্তা মাথায় আসেনি।'
তিনি আরও বলেন, 'আমি দলকে বলেছিলাম, একটি ম্যাচই সব বদলে দিতে পারে। আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে। কিছু পরিবর্তন আনতে হয়েছে, সেটা স্বাভাবিক। আমরা মেনে নিয়েছিলাম যে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি এবং সমালোচনাও গ্রহণ করেছি। আপনি যদি বাস্তবতা না মানেন, তাহলে সমস্যাও বাড়তেই থাকবে।'
কলকাতার সামনে প্লে-অফে ওঠার ক্ষীণ সম্ভাবনা ছিল। দিল্লিকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি অপেক্ষা করতে হতো মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের হারের জন্য। কিন্তু রাজস্থান মুম্বাইকে হারিয়েই চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে আগেই। তাতেই বিদায় নিশ্চিত হয়ে যায় কলকাতা ও পাঞ্জাব কিংসের।