টুর্নামেন্টের চলতি আসরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মুম্বাইয়ের। এখনো কোনো দল সেরা চারের টিকেট না পেলেও আইপিএলের চলতি আসর থেকে ছিটকে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। গুজরাট টাইটান্স থেকে মুম্বাইয়ে ফেরার পর ফ্র্যাঞ্চাইজিটিকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। ভারতীয় অলরাউন্ডারকে নেতৃত্ব দিতে রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় তারা।
নিয়মিত অধিনায়ক হিসেবে মুম্বাইকে প্রথম ৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। চোটের কারণে পরের দুই ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব করেছেন সূর্যকুমার যাদব। তবে ডানহাতি ব্যাটার ব্যক্তিগত কারণে ধারামশালা না যাওয়ায় মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রিত বুমরাহ। টানা তিন ম্যাচে খেলতে পারেননি হার্দিক। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচের জন্য ধারামশালায় যাননি তিনি।
গুঞ্জন উঠেছে, ড্রেসিং রুমে হার্দিকের সঙ্গে বেশ কয়েকজন ক্রিকেটারের সম্পর্ক ক্রমশই খারাপ হয়ে উঠছে। এ ছাড়া মুম্বাই ছেড়ে দিতে পারেন তারকা অলরাউন্ডার! এমন গুঞ্জনও ঘুরপাক খাচ্ছে। এসব গুঞ্জন নিয়ে শার্দুল বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কথা চলছে। এর মধ্যে কিছু সত্য এবং কিছু মিথ্যা। দিন শেষে সিদ্ধান্তটা টিম ম্যানেজমেন্টই নেয়।’
দল হিসেবে মুম্বাই যেমন ভালো করতে পারেনি তেমনি ব্যাটে-বলে পারফর্ম করতে পারেনি হার্দিক। চলতি আসরে ব্যাট হাতে ১৩৬ স্ট্রাইক রেটে মাত্র ১৪৬ রান করেছেন। এ ছাড়া বোলিংয়ে ৬১ গড়ে নিয়েছেন মাত্র চারটি উইকেট। পারফরম্যান্সের বাইরে ড্রেসিং রুমের নানান কিছু নিয়ে কথা বলেও শার্দুল জানিয়েছেন, পুনর্বাসনের জন্যই মুম্বাইয়ে অবস্থান করছেন হার্দিক।
শার্দুল বলেন, ‘নির্দিষ্ট করে আমরা যদি হার্দিক পান্ডিয়াকে নিয়ে বলি তাহলে সে ইনজুরিতে আছে এবং সে দলের সঙ্গে ভ্রমণ করেনি। সে দলের সঙ্গে রায়পুরে গিয়েছিল কিন্তু খেলার মতো অবস্থায় ছিল না। বর্তমানে সে মুম্বাইতে অনুশীলন করছে। আমি আশা করছি সে কলকাতার বিপক্ষে ম্যাচে ফিরবে এবং খেলবে। সে যখন খেলে না তখন আমরা সবসময় তার সামর্থ্যের একজন খেলোয়াড়কে মিস করি।’