৯ ম্যাচের সাতটিতে হেরে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে আছে মুম্বাই। দলের হতশ্রী পারফরম্যান্সের পাশাপাশি বেশি আলোচনা হচ্ছে অধিনায়ক হার্দিকের অফফর্ম নিয়ে। আট ম্যাচে ১৪৬ রান আর মাত্র চার উইকেট নিয়েছেন হার্দিক। দলের ভেতরে কোনো অন্তর্দ্বন্দ্বের কারণেই দলের পারফরম্যান্স খারাপ হচ্ছে কিনা সেই আলোচনাও হচ্ছে।
সেই অন্তর্দ্বন্দ্বের গুঞ্জন আরো প্রবল হয় সবশেষ ম্যাচে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হার্দিকের জায়গায় সূর্যকুমার যাদব টস করতে নামায়। এ প্রসঙ্গে সূর্যকুমারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'হার্দিক ভালো অনুভব করছে না'।
হার্দিকের অনুপস্থিতিতে এ দিন দলে ফেরেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। এই পরিবর্তন অবশ্য দারুণভাবে কাজে লেগেছে মুম্বাইয়ের জন্য। ৪৪ বলে ৮৪ রানের ইনিংস খেলে তিন ম্যাচ পর দলকে জয়ের ধারায় ফিরিয়েছেন রোহিত।
যদিও এখনও হার্দিকের ইনজুরির ব্যাপারে পরিষ্কার করে কিছু জানায়নি মুম্বাই। লক্ষ্মৌর বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ওপেনার রায়ান রিকেলটনের কাছে হার্দিকের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনিও পরিষ্কার করে কিছু জানাতে পারেননি। ম্যাচ শেষ হবার পর অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনও তাই হার্দিকের অবস্থা অজানা সমর্থকদের।
সংবাদ সম্মেলনে রিকেলটন বলেন, 'সে কবে ফিরে আসবে, আমি জানি না। আজ বিকেলেই আমি নিজে জানতে পেরেছি যে তার পিঠে খিঁচুনি হয়েছে। চোটটা কতটা গুরুতর বা কতটা খারাপ, সেটা আমি জানি না। সে এখন কেমন অনুভব করছে, সেটাও নিশ্চিত নই। তবে আমি নিশ্চিত, আমরা যখন এই সপ্তাহে রায়পুরে যাচ্ছি, তখন সে আবার আমাদের সঙ্গে যোগ দেবে।'