নেতা হতে আলাদা করে অধিনায়কের তকমা লাগে না: স্যামসন

আইপিএল
চেন্নাইয়ের জার্সিতে সাঞ্জু স্যামসন, আইপিএল
চেন্নাইয়ের জার্সিতে সাঞ্জু স্যামসন, আইপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের এবারের মৌসুমের আগে ১৮ কোটি রুপির চুক্তিতে রাজস্থান রয়্যালস থেকে ট্রেড হয়ে চেন্নাই সুপার কিংসে নাম লিখিয়েছেন সাঞ্জু স্যামসন। অনেকেই ভেবেছিলেন চেন্নাইয়ে রুতুরাজ গায়কোয়াড়ের জায়গায় অধিনায়ক করা হবে স্যামসনকে। তবে চেন্নাই তাদের পুরনো অধিনায়কের ওপরই আস্থা রেখেছে।

এবার স্যামসনও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। চেন্নাইয়ে এসেই অধিনায়কত্ব নিতে চাননি তিনি। বিশেষ করে দলটি তার প্রতি যে বিশ্বাস রেখেছে তার প্রতিদান দিতে চান এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি নতুন দলে যোগ দিয়েই কোনো দাবি জানাতে চাননি। আপাতত দলটিতে থিতু হওয়াই তার প্রধান লক্ষ্য।

সুপার কিংস পডকাস্টে অধিনায়কত্ব নিয়ে স্যামসন বলেন, ‘আমার তো আগে থেকেই একটা দল ছিল। একটা জায়গায় আমি স্থিরও ছিলাম। সেখান থেকে বের হয়ে আরেকটা দলে যোগ দিতে চেয়েছি। এমন পরিস্থিতিতে আসলে কোনো দাবি রাখা যায় না। সত্যি বলতে, যখন আপনি নতুন একটা ঘরে যান, তখন দাবি নিয়ে সেখানে যাওয়া উচিত নয়। অন্তত আমি সেটাই শিখেছি।’

স্যামসন যোগ করেন, ‘আপনি সেখানে গিয়ে নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা করবেন। নিজের মতো আচরণ করবেন, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন, এরপর সেখান থেকে এগোবেন। আরেকটা বিষয়ও আছে। যেমন চেন্নাইয়ে বিভিন্ন জায়গা থেকে আসা অনেক মানুষ কাজ করেন। এখানে প্রচুর মালয়ালি আছেন। দুবাইয়ে গেলেও মালয়ালিদের পাবেন।’

নিজেকে চেন্নাইয়ের লিডারশিপ গ্রুপের অংশ মনে করেন স্যামসন। তিনি স্পষ্ট করে বলেছেন মাঠে নেতা হতে আলাদা করে অধিনায়কের তকমা লাগে না। চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিতে রুতুরাজকে সাহায্য করছেন বলেও জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

তিনি বলেন, ‘ম্যাচের সময়ও দেখবেন, ফিল্ডিংয়ের সময় রুতুরাজ আর আমার মধ্যে দারুণ বোঝাপড়া থাকে। আমরা একসঙ্গে কাজ করছি। এটা আমি খুব উপভোগ করছি। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াতেও আমি খুব জড়িত। আমিও একজন নেতার মতো আচরণ করি। নেতা হতে সবসময় আনুষ্ঠানিক কোনো পদ দরকার হয় না, তাই না? আমি মনে করি, যেকোনো দলে খেললেই স্বাভাবিকভাবে আমি এই কাজগুলো করি।’

আরো পড়ুন: