সেঞ্চুরি করতে চাইলে স্বার্থপর হতে হতো: স্যামসন

আইপিএল
সাঞ্জু স্যামসন, ফাইল ফটো
সাঞ্জু স্যামসন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ব্যাট হাতে দলের জয়ে বড় অবদান রাখেন সাঞ্জু স্যামসন। যদিও সেঞ্চুরির খুব কাছে এসেও তা ছুঁতে পারেননি এই ব্যাটার। তবে জাতীয় দলের স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন তিনি।

মঙ্গলবারের এই ম্যাচে দিল্লির বিপক্ষে আট উইকেটের সহজ জয় পায় চেন্নাই। ৫২ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন স্যামসন। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন তিনি এবং শেষ পর্যন্ত জয়ের পথও সহজ করে দেন।

'শতরান মানে শতরানই, সবসময়ই তা বিশেষ', ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে এমনটাই বলেন স্যামসন। অবশ্য শতরানের সুযোগ থাকলেও সেটিকে বড় করে দেখেননি তিনি। বরং দলের জয় নিশ্চিত করাকেই বেশি গুরুত্ব দিয়েছেন।

'হ্যাঁ, ভাবনা এসেছিল (সেঞ্চুরি করার)। তবে মনে হয়েছিল, এটা করতে হলে আমাকে কিছুটা স্বার্থপর হতে হবে। তাই ঠিক করেছি, ম্যাচটা ভালোভাবে জেতাই গুরুত্বপূর্ণ।'

স্যামসনের সঙ্গে দারুণ জুটি গড়েন তরুণ কার্তিক শার্মা। ৩১ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। দুজনের ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজ হয়ে যায় ম্যাচের সমীকরণ। সপ্তম ওভারে ২ উইকেটে ৪৫ রান থাকা দলটি দ্রুতই জয়ের দিকে এগিয়ে যায়।

সঙ্গী কার্তিকের ব্যাটিং চলার সময় তাকে চাপ দিতে চাননি বলেও জানান স্যামসন। তিনি বলেন, 'আমার সঙ্গীও ভালো ব্যাট করছিল এবং তাকে বলতে চাইনি যে, ‘সিঙ্গল নিয়ে আমাকে স্ট্রাইক দাও, শতরান করতে চাই।’ আমার তা বলতে ইচ্ছে করেনি।'

'আমার মনে হয়, খেলা শেষ করতে আসতে পারার তৃপ্তি আরও বেশি। সেটিই উপভোগ করেছি। আরও কিছু ম্যাচ বাকি আছে। দেখা যাক, আবার তিন অঙ্ক ছুঁতে পারি কি না।'

মৌসুমের শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে নিজের ছন্দ ফিরে পেয়েছেন স্যামসন। এখন পর্যন্ত ১০ ম্যাচে ৪০২ রান করেছেন তিনি, গড় ৫৭.৪২। তার চল্লিশঊর্ধ্ব ইনিংসগুলোতে জয় পেয়েছে দল।

আরো পড়ুন: