ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর দিন সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে চেন্নাই সুপার কিংস জানায় পায়ের পেশির চোটে পড়েছেন ধোনি। চোট কাটিয়ে উঠতে দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো মাঠে ফেরা হয়নি ৪৪ বছর বয়সী উইকেটকিপার ব্যাটারের। চোটের কারণে সাত ম্যাচের একটিতেও খেলতে পারেননি তিনি। ধোনি না থাকলেও খুব বেশি বেগ পেতে হয়নি চেন্নাইকে।
গত ডিসেম্বরে হওয়া নিলামের আগেই ট্রেডে সাঞ্জু স্যামসনকে দলে ভেড়ায় তারা। ধোনির উত্তরসূরী হিসেবেই তাকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। ধোনি না থাকায় উইকেটকিপিং সামলাচ্ছেন স্যামসন। ব্যাট হাতেও আলো ছড়াচ্ছেন তিনি। সাত ম্যাচ খেলে করেছেন দুইটা সেঞ্চুরি। আগামী কয়েক ম্যাচের মধ্যেই ফিরতে পারেন ধোনি। চেন্নাইয়ের সাবেক অধিনায়ক ফিরলে কিপিং করবেন কে, ধোনি নাকি স্যামসন? হাসি অবশ্য পরিস্কার করে জানিয়ে রাখলেন, ধোনি ফিরলে তিনিই কিপিং করবেন।
চেন্নাইয়ের ব্যাটিং কোচ বলেন, ‘আমি মোটামুটি নিশ্চিত সে (ধোনি) আবারও উইকেটের পেছনে ফিরবে। আসলে উদ্বেগের বিষয়টা হচ্ছে পায়ের পেশির চোট, আসল চ্যালেঞ্জটা হচ্ছে দৌড়ানো নিয়ে। বিশেষ করে ইনিংসের শেষের দিকে যখন এক কিংবা দুই রান নেওয়ার জন্য জোরে দৌড়াতে হতে পারে। তাকে শুধু নিশ্চিত করতে হবে তার পেশি সেই ধকল সামলানোর জন্য যথেষ্ট শক্তিশালী কিনা। স্কিলের দিক থেকে উইকেটকিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনি কী করতে পারে আমরা সবাই সেটা জানি এবং সে ভালো ব্যাটিংও করছে। এখন শুধু দৌড়ানোর জন্য পেশির ফিট হওয়া বাকি।’
আইপিএলের গত আসরে চোটের সঙ্গে লড়াই করতে হলেও ১৪ ম্যাচেই খেলেছেন ধোনি। তবে বেশিরভাগ ম্যাচেই ব্যাটিং করেছেন আট কিংবা তার চেয়ে নিচে। গড়ে প্রতি ম্যাচে ১১.৬ বল খেলেছেন ডানহাতি এই ব্যাটার। এমন পরিস্থিতিতে সুযোগটা ভালোভাবেই নিয়েছে প্রতিপক্ষরা। নেটে অবশ্য ধোনিকে ছন্দেই দেখছেন হাসি। পেশির চোট থেকে সেরে উঠে ঠিকঠাক দৌড়াতে পারলেই একাদশে ফেরা নিশ্চিত ধোনির।
হাসি বলেন, ‘তার বেশ ভালো উন্নতি হচ্ছে। আমি জানি দ্রুত ফেরার জন্য সে চেষ্টা করছে এবং সমর্থকরাও মহেন্দ্র সিং ধোনিকে আবারও মাঠে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আশাবাদী আগামী কয়েকটা ম্যাচের মধ্যেই হয় তাকে দেখা যাবে। কিন্তু নিজের সেরাটা দেওয়ার জন্য তাকে শতভাগ ফিট হবে। নেটে সে দারুণ ব্যাটিং করছে এবং দেখে মনে হচ্ছে ছন্দেই আছে। এখন শুধুমাত্র উইকেটে দ্রুত দৌড়ানোর সক্ষমতা ফিরে পাওয়া বাকি।’