লক্ষ্মৌ সুপার জায়ান্টসের দেয়া ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান দারুণ ফর্মে থাকা কোহলি। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে কোহলির অফস্টাম্প উপড়ে ফেলেন প্রিন্স। অফ স্টাম্পের বাইরে পিচ করা বলটি কোহলির ব্যাট-প্যাডের মাঝখান নিয়ে আঘাত করে স্টাম্পে। ডেলিভারিটি এতটাই দুর্দান্ত ছিল যে, আউট হবার পর কোহলি খানিকটা অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে ছিলেন।
ম্যাচ শেষে প্রিন্স জানান আগের ম্যাচের পর কোহলির সাথে বোলিং নিয়ে কথা হচ্ছিল তার। তখনই বোলিং নিয়ে প্রিন্সকে পরামর্শ দেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার। সংবাদমাধ্যমের সাথে আলাপকালে প্রিন্স বলেন, 'শেষ ম্যাচের পর আমি বিরাট ভাইয়ার সঙ্গে কথা বলছিলাম, আর তিনি শুধু আমাকে এটুকুই বলেছিলেন,যতক্ষণ বল অফ স্টাম্পের বাইরে গুড লেংথে মুভ করছে, ততক্ষণ ওই লেংথেই বল করে যাও।'
সবশেষ ২০২৩ সালের ২৩ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ট্রেন্ট বোল্টের বলে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। সেই ঘটনার পর পেরিয়েছে ১ হাজার ১১০ দিন। দীর্ঘসময় পর প্রিন্সের দুর্দান্ত এক ডেলিভারি আইপিএল ক্যারিয়ারের ১১ তম 'ডাক' উপহার দিয়েছে কোহলিকে।
এবারের আসরেও ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন কোহলি। ১০ ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরিতে ৩৭৯ রান করেছেন এই ব্যাটার। তার দল বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এবারের আসরে আছে ভালো অবস্থানে। দশ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে তারা।