আইপিএলে অসঙ্গতি, অ্যান্টি করাপশন ইউনিটের উদ্বেগ

আইপিএল
আইপিএল
আইপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দলগুলোর ডাগআউট, টিম বাস, হোটেল ও প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া বা পিএমওএতে ‘অননুমোদিত’ ব্যক্তিদের উপস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে টুর্নামেন্টের অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (এএসসিইউ)।

এর পরিপ্রেক্ষিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ফ্র্যাঞ্চাইজিগুলোকে টুর্নামেন্টের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউরস বা এসওপি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছে। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল নিশ্চিত করেছেন, এ বিষয়ে এএসসিইউ বিসিসিআইয়ের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে।

পিটিআইকে ধুমাল বলেন, ‘অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট কিছু অসঙ্গতি চিহ্নিত করেছে এবং আইপিএল ম্যাচ চলাকালে ডাগআউট, টিম বাস ও টিম হোটেলে অননুমোদিত ব্যক্তিদের দেখা যাওয়ার বিষয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে। পিএমওএর আওতায় কিছু নির্দিষ্ট প্রোটোকল রয়েছে, যেগুলো অনুসরণ করা জরুরি। টুর্নামেন্টের নিরাপত্তা বজায় রাখতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এসওপি মেনে চলার বিষয়ে সতর্ক করবে বিসিসিআই।’

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও জানিয়েছেন, চলতি আইপিএলে ‘বিভিন্ন ধরনের অসঙ্গতি ও অনিয়ম’ দেখা গেছে। কিছু ক্ষেত্রে দলের মালিক ও কর্মকর্তাদের খেলোয়াড়দের নির্ধারিত এলাকায় দেখা গেছে, যা অনুমোদিত নয়। এই ব্যাপারটি উদ্বেগ তৈরি করেছে বিসিসিআইয়ের মধ্যেও।

বৃহস্পতিবার এএনআইকে সাইকিয়া বলেন, ‘চলতি আইপিএলে কিছু ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়ের আচরণে অনিয়ম দেখা গেছে। তাই বিসিসিআই ও আইপিএল শিগগিরই একটি নির্দেশনা প্রকাশ করবে। আমরা দেখেছি, অনেক অননুমোদিত ব্যক্তি দলের সঙ্গে চলাফেরা করছেন। কেউ কেউ হোটেল, খেলোয়াড়দের কক্ষ ও দলের কর্মকর্তাদের কক্ষেও ঢুকছেন, যা অ্যান্টি করাপশন নিয়মের বিরুদ্ধে।’

তিনি আরও বলেন, ‘কিছু দলের মালিক ও কর্মকর্তাকে এমন জায়গায় খেলোয়াড়দের সঙ্গে দেখা গেছে, যেখানে তাদের থাকার অনুমতি নেই। কিছু নিয়ম মেনে চলা বাধ্যতামূলক, কিন্তু সেখানে নিয়ম মানার ক্ষেত্রে ঢিলেমি দেখা গেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। নতুন নির্দেশনা কঠোরভাবে মানতে হবে। ভবিষ্যতে নিয়ম ভাঙলে বিসিসিআই ও আইপিএল কঠোর ব্যবস্থা নেবে।’

আরো পড়ুন: