গত বছর আইপিএলে অভিষেক হওয়া সূর্যবংশী এবার রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছেন প্রতিপক্ষের বোলারদের ওপর। আট ম্যাচে ৩৫৭ রান করে আছেন টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহক হবার দৌড়েও। ক্রিকেট ইতিহাসে এত অল্প বয়সে শীর্ষ পর্যায়ে এভাবে কেউ দাপট দেখাতে পেরেছেন কিনা সেই আলোচনাও চলছে। সেই আলোচনার বাইরে নেই পাকিস্তানের বিশ্লেষকরাও। পাকিস্তানের টিভি উপস্থাপক নুমান নিয়াজ তার 'স্ম্যাশহিট' নামক এক অনুষ্ঠানে এই ব্যাটারের উচ্ছ্বসিত প্রসংশা করেন।
একপর্যায়ে রসিকতার সুরে নিয়াজ বলেন, 'ছেলেটা আসলে কী! ওর ব্যাটটা চেক করা উচিত। যেমন ডোপ টেস্ট করে, তেমনি ওকেও ল্যাবে পাঠানো উচিত। হয়তো ব্যাটে কোনো এআই চিপ ব্যবহার করেছে! ও একেবারেই অবিশ্বাস্য। কী দারুণ খেলোয়াড়! তবে আমার মনে হচ্ছিল, সে একটু ধীরে খেলছিল।'
এত অল্প বয়সেই সূর্যবংশীর স্কিল ও টেম্পারনেন্টে মুগ্ধ ক্রিকেট বিষয় অনুষ্ঠান সঞ্চালনা করা নিয়াজ। সবশেষ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন সূর্যবংশী। এমন ইনিংসে রেকর্ড বই তোলপাড় করে ফেলেছেন তিনি।
পাকিস্তানের এই উপস্থাপক আরো যোগ করেন, 'যখন তোমার বয়স ১৮, তখন শরীরে পেশি, বাইসেপস, ট্রাইসেপস গড়ে ওঠে। আর সে তো মাত্র ১৬! সে যখন জন্মেছে তখন, যখন বিরাট কোহলি বিশ্বচ্যাম্পিয়ন ছিলেন। তার পাওয়ার যতটা না আছে, তার চেয়ে বেশি আছে টেকনিক। সে একজন কব্জি নির্ভর খেলোয়াড়, আর যদি তার শটের পরিধি দেখো, সে পুরো ৩৬০ ডিগ্রি জুড়ে খেলতে পারে।'