ছয় ম্যাচে ২৮৩ রান করে এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন ক্লাসেন। শুরু থেকেই তিনি ভালো খেলছেন এবং দলকে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছেন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলা শেষ ম্যাচে ৩৯ বলে ৫৯ রান করেছেন ক্লাসেন।
নিজের ইনিংস নিয়ে ক্লাসেন বলেন, 'আমার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হচ্ছে, আমি কেবলই দলকে ভালো জায়গায় রাখার চেষ্টা করছি। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি।'
তিনি আরও বলেন, 'আমি অনেক কঠিন পরিস্থিতিতে পড়েছি, তখন দায়িত্ব নিতে হয় এবং পরিণতভাবে বিষয়টা সামলাতে হয়। শুধু যেভাবে খুশি খেললেই হয় না, খেলা এভাবে চলে না। আমরা আমাদের কাজটা করার জন্যই পারিশ্রমিক পাই, তাই স্ট্রাইক রেট নিয়ে আমি ভাবি না। পরিণত থাকতে হয় এবং প্রতি ওভারে কীভাবে দশ রান তোলা যায়, সেই ভিন্ন ভিন্ন উপায় খুঁজে বের করতে হয়, যাতে দলও ভালো সংগ্রহ গড়তে পারে।'
তার অসাধারণ হাফ সেঞ্চুরিতে চেন্নাইয়ের বিপক্ষে ৯ উইকেটে ১৯৪ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। পরে চেন্নাই থামে আট উইকেটে ১৮৪ রান করে। ম্যাচটি ১০ রানে জিতে নেয় হায়দরাবাদ।
দলের প্রয়োজনে নিজের খেলার ধরন বদলানোর কথাও জানান ক্লাসেন। তিনি বলেন, 'প্রতি ওভারে কীভাবে রান তোলা যায়, সেটা ভাবতে হয়। আমরা যদি ঠিকভাবে এগোতে না পারতাম, তাহলে কম রানেই থেমে যেতাম। এখন আমি নিজের ছন্দে আছি, তাই নতুন করে খুঁজতে হচ্ছে না।'
নিজের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন ক্লাসেন। তিনি বলেন, 'চোখের অনুশীলন আমাকে অনেক সাহায্য করেছে। এতে চাপের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নিতে পারি এবং খেলাটা সহজ মনে হয়।'