মানের বিচারে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের চেয়ে বহুগুণ এগিয়ে গেছে আইপিএল। তবুও ক্রিকেট ও রাজনীতির মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী হওয়ায় আইপিএলের সাথে পিএসএলের তুলনা বেশ চর্চিত হয়, বিশেষ করে পিএসএল চলাকালীন সময়ে। বারবার এমন তুলনা সামনে নিয়ে আসার বিষয়টির কোনো অর্থ দেখেন না শেহজাদ। এই তুলনাকে পুরোপুরি অপ্রতুল মনে করেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে শেহজাদ বলেন, 'আমার মনে হয়, পিএসএলে এখন যেসব খেলোয়াড় আছে, তাদের অনেকেই আসলে আইপিএল থেকে অবসর নেয়া, বা আইপিএল নিলামে অবিক্রীত থাকা, অথবা যাদের আইপিএলে আর কোনো সুযোগ নেই এমন।। '
তার মতে, যে কেউ যদি সত্যিই সুযোগ পায়, সে সবসময় আইপিএলকেই বেছে নেবে। তাই প্রশ্ন হলো, আর কতজন খেলোয়াড়কে আপনারা ‘নিষিদ্ধ’ করবেন?'
আগে আইপিএলে খেলে আসা রাইলি রুশো বর্তমানে খেলছেন পিএসএলে। পিএসএলের সম্প্রচারকারীরা সম্প্রতি তাকে এক সাক্ষাৎকারে আইপিএলের সাথে পিএসএলের তুলনা করতে বলেন। একই ঘটনা ঘটে শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিসের ক্ষেত্রেও। দুই ফ্র্যাঞ্চাইজি লিগের তুলনায়, আইপিএলকে বলিউড সিনেমার সাথে তুলনা করেছিলেন রুশো। কিন্তু এধরণের তুলনাকে কেন্দ্র করে পিএসএলের খেলোয়াড়দের প্রশ্ন করাকেই সমালোচনায় বিদ্ধ করেন শেহজাদ।
শেহজাদ আরো যোগ করেন, 'রাইলি রুশোর দিকে তাকান, পিএসএলে তার পারফরম্যান্স নিয়ে কোনো কথা নেই, কিন্তু তিনি পিএসএল-আইপিএলের তুলনা নিয়ে মন্তব্য করেছেন। আর যখন তাকে আইপিএল সম্পর্কে জিজ্ঞেস করা হলো, আপনি আইপিএল নিয়ে কী ভাবেন, তখন তিনি পিএসএলে খেলতে খেলতেই আইপিএলকে প্রশংসা করতে পারেন না। তাই তিনি বললেন, ‘ওটা একটা বলিউড মুভি। পিএসএলে ক্রিকেট হচ্ছে।'
'কুশল মেন্ডিসও পিএসএলে খেলছেন, পারফর্ম করছেন, আর তাকে এমন প্রশ্ন করা হচ্ছে, ‘স্যার, আপনি আগেরবার আইপিএলে গিয়েছিলেন, সে বিষয়ে আপনার কী মত?’ তারা আসলে কী ধরনের প্রশ্ন করছে, দেখুন।'