বাংলাদেশ আমাদের ভালোবাসি বলে হারিয়ে দিল: শেহজাদ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়া ছিল পাকিস্তানের জন্য বড় ধাক্কা। এরপর পুরো পাকিস্তান ক্রিকেটের খোলনলচে পাল্টে ফেলার রব উঠেছিলো। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর বাংলাদেশের মাটিতে এসেও ওয়ানডে সিরিজ হারতে হলো শাহীন শাহ আফ্রিদিদের। সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ তাই বেজায় চটেছেন পুরো সিস্টেমের ওপরই। শেহজাদের দাবী, পাকিস্তানের সুযোগ নিয়ে বারবার ভালোবাসি বলে তাদের বেইজ্জতি করছে বাংলাদেশ।

পাকিস্তান ক্রিকেটের দুর্দশা যেন থামার কোনো লক্ষণ নেই। পাকিস্তানজুড়ে প্রতিভার ছড়াছড়ি থাকা সত্ত্বেও নিজ দেশের এমন দুর্দশা মেনে নিতে পারছেন না সাবেক ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সহ পুরো ক্রিকেট সিস্টেমকেই রীতিমতো ধুয়ে দিচ্ছেন শেহজাদসহ অন্যান্য সাবেক ক্রিকেটাররা। বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হবার পর অনেকটা আনকোড়া দল বাংলাদেশে পাঠিয়েছিলো পিসিবি। দল ঘোষণার পরই এ নিয়ে সমালোচনা চলছিল।

বাংলাদেশকে হালকাভাবে নিয়ে ছয়জন অনিভিষিক্ত ক্রিকেটার পাঠানোকে পাকিস্তানের বড় ভুল হিসেবে দেখছেন শেহজাদ। বাংলাদেশও সেই সুযোগ লুফে নিয়ে বারবার পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে যাচ্ছে বলেও মত সাবেক এই ওপেনারের। ২০২৪ সালে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবার পরও একই ভুল করেছিলো পাকিস্তান, এমনটাই মনে করেন শেহজাদ।

নিজের ইউটিউব চ্যানেলে শেহজাদ বলেন, 'ক্রিকেটে এমন কিছু জিনিস থাকে যা বিশ্বাস হয়, আবার কিছু জিনিস আছে ক্রিকেটার হিসেবে যা বিশ্বাস করা কঠিন। তেমনই কিছু দিন ছিল যখন বাংলাদেশ এখানে এলো আর আমাদের টেস্ট সিরিজে হারিয়ে দিল। তখন ওরা ‘ভালোবাসি’ বলে গেম খেলে আমাদের ভালোমতো বেইজ্জত করে দিয়ে গেল।'

ক্রিকেট বোর্ডের ওপড় ক্ষোভ ঝেড়ে শেহজাদ আরও বলেন, 'বাংলাদেশ পাকিস্তানকে টেস্টে হারানোর পর কত হাঙ্গামা যে হলো! এখন সব বদলে যাবে, পাকিস্তান ক্রিকেটের ভাগ্য বদলে যাবে, ‘সার্জারি’ হবে, ৫ জন মেন্টর আনা হলো... কিন্তু কী হলো? শুধু সময় পার হলো।'

টি-টোয়েন্টির ফর্মের কারণে ওয়ানডেতে বাবর আজমের মত ক্রিকেটারকে বাইরে রাখার সমালোচনা হচ্ছিল সিরিজ শুরুর আগে থেকেই। সেই সাথে এমন ছয়জন ক্রিকেটারকে বাংলাদেশে পাঠানো যাদের ওয়ানডে খেলার কোনো অভিজ্ঞতা নেই। উদ্ভট কম্বিনেশনকেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারার কারণ হিসেবে দায়ী মনে করেন শেহজাদ।

তিনি বলেন, 'একটা জঘন্য বিশ্বকাপ অভিযানের পর কোনো পরিবর্তন নেই। অদ্ভুত কিছু অনভিজ্ঞ বাচ্চাদের নিয়ে একটা কম্বিনেশন বানিয়ে পাঠিয়ে দিলেন বাংলাদেশে, আর ওরা আবার ‘ভালোবাসি’ বলে আমাদের হারিয়ে দিয়ে গেল। আর আমরা বসে বসে বলছি- সবাই তো তরুণ খেলোয়াড় ছিল স্যার!'

এই অবস্থা থেকে উত্তরণের জন্য দ্রুত নিজেদের ভুল খুঁজে বের করতে হবে পাকিস্তানকে। অন্যথায় পাকিস্তান ক্রিকেটের অবস্থা আরো খারাপ হতে পারে বলেও মত শেহজাদের, 'যতক্ষণ না আপনারা নিজেদের ভুলগুলো মানবেন, ততক্ষণ জীবনে এগোবেন কীভাবে? আপনাদের ম্যানেজমেন্ট আর যারা ক্রিকেট চালাচ্ছে তারা মনে করে আমরা তো ‘রান রেটে’ বাদ হয়েছি! আপনাদের অবস্থা এমন যে আপনারা এখন একটি ‘অ্যাসোসিয়েট টিম’ হতে চলেছেন।'

আরো পড়ুন: