দলীয় হোটেলে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে আফ্রিদিকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছে লাহোর কালান্দার্স। এক বিবৃতিতে দলটি জানায়, শৃঙ্খলা বজায় রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঘটনার দায় নিজের কাঁধে নিয়েছিলেন রাজা। যদিও তা শেষ পর্যন্ত আফ্রিদিকে শাস্তি থেকে রক্ষা করতে পারেনি। ঘটনাটি সামনে আসে পাঞ্জাব পুলিশের একটি চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর।
সেই চিঠিতে দল, আফ্রিদি এবং রাজাকে নিরাপত্তা বিধি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়। অভিযোগ ছিল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না থাকা সত্ত্বেও তাদের কক্ষে অতিথি নেয়া হয়েছিল।
রাজা দাবি করেন, অতিথিরা তার কক্ষে প্রায় ৪০ মিনিট অবস্থান করেছিলেন। কিন্তু অভিযোগে বলা হয়, তারা সেখানে প্রায় তিন ঘণ্টা ছিলেন। রাজা জানান, ওই অতিথিরা তাঁর পুরোনো বন্ধু ও স্বজন।
ঘটনার বিস্তারিত স্বীকার করলেও একে বাড়িয়ে দেখা হয়েছে বলে দাবি করেছে কালান্দার্স। বিবৃতিতে বলা হয়, 'এটি জনসমক্ষে অতিরঞ্জিত করা হয়েছে, মূল প্রেক্ষাপটের বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং অপ্রয়োজনীয়ভাবে বড় করে দেখা হয়েছে।'
আরও বলা হয়, 'প্রতিষ্ঠিত কোনো নিয়ম ভাঙার ইচ্ছা থেকে নয়, বরং একটি ভুল বোঝাবুঝি থেকেই এই ঘটনার সৃষ্টি হয়েছে।' একই সঙ্গে সব ধরনের নিরাপত্তা বিধি মেনে চলার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে দলটি।