সাড়ে ১৬ কোটির অলরাউন্ডারকে নিয়ে প্রশ্ন ইরফানের

আইপিএল
দিল্লির জার্সিতে অক্ষর প্যাটেল
দিল্লির জার্সিতে অক্ষর প্যাটেল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত বছর দীর্ঘ শিরোপাখরা কাটিয়ে আইপিএলের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্তত একটি শিরোপা আছে এমন দল হিসেবে সর্বশেষ যুক্ত হয়েছে বেঙ্গালুরু। তবে এখনও আইপিএলে কোনো শিরোপা জিততে পারেনি লক্ষৌ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস।

এর মধ্যে দিল্লি প্রতিবারই তারকাবহুল দল বানিয়েও হতাশ করে। ভারতীয় সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন দলটির সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতা। বিশেষ করে দলটির অধিনায়ক অক্ষর প্যাটেল গত মৌসুমে বোলিংয়ে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ১৬.৫ কোটি রুপিতে পাওয়া এই বাঁহাতি স্পিনার ১২ ম্যাচে নিয়েছিলেন মাত্র ৫ উইকেট, ব্যাট হাতে করেছিলেন ২৬৩ রান।

তাই তার সমালোচনা করেছেন তিনি। ইরফান নিজের ইউটিউব চ্যানেলে বলেন, 'গত বছর অক্ষর প্যাটেলের বোলিংয়ে উইকেট নেয়ার ধারটাই অনুপস্থিত ছিল। তার আত্মবিশ্বাস অবশ্যই ভালো থাকবে, কিন্তু যদি নিয়মিত উইকেট পেতে পারে, তাহলে দলে আছে কুলদীপ যাদব, যে কিনা প্রাকৃতিক উইকেটশিকারি। পাশাপাশি ভিপরাজ নিগমও দারুণ সহায়তা পাবে।'

তিনি আরও যোগ করেন, 'অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের মতো স্পিন জুটি খুব একটা দেখা যায় না। এর সঙ্গে ভিপরাজ নিগমের নামও যোগ করতে হবে। এই দুজনের সঙ্গে আছে অভিজ্ঞ ক্রিকেটার, যারা টানা বিশ্বকাপ জিতেছে। ভারতীয় কোরে এমন অভিজ্ঞতা সব দলে পাওয়া যায় না।'

গত মৌসুমে দুর্দান্ত শুরু করেছিল দিল্লি। টানা চার ম্যাচ জিতে তারা হারিয়েছিল লক্ষ্ণৌ, হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস ও বেঙ্গালুরুকে। তবে এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে ছন্দ হারায় দলটি। শেষ ১০ ম্যাচে মাত্র ৩টি জয় পেয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে শেষ করে দিল্লি ক্যাপিটালস। এবার তাদের ঘুরে দাঁড়ানোর মিশন। সেখানে বড় ভূমিকা রাখতে হবে অক্ষরকেই।

আরো পড়ুন: