ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটার ও বিসিবির তথ্য অনুযায়ী ২৩ জানুয়ারি বিপিএল শেষ হওয়ার পর বেশির ভাগ ক্রিকেটারের ৭৫ শতাংশ বকেয়া রয়ে গেছে। এই ফ্র্যাঞ্চাইজির বকেয়া ছিল তিন কোটি ৬০ লাখ টাকা। ক্রিকেটারদের কেউ কেউ চুক্তির মাত্র ২৫ শতাংশ টাকা পেয়েছেন। বিপিএলের দ্বাদশ আসরের খেলা শেষ হওয়ার ৬৪ দিন পার হয়ে গেলেও বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হয় চ্যাম্পিয়ন স্পোর্টস। ফলে এবার ব্যাংক গ্যারান্টি ভেঙে ক্রিকেটারদের টাকা পরিশোধ করতে যাচ্ছে বিসিবি
ইতোমধ্যে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা সেরেছে বিসিবি। বিপিএল বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু দ্রুততম সময়ের মধ্যেই ঢাকার ক্রিকেটাররা তাদের পাওনা বুঝে পাবেন। আপাতত এই ক্রিকেটারদের পাওনা পরিশোষই গুরুত্ব পাচ্ছে বিসিবির কাছে। ৭-৮ দিনের মধ্যেই ব্যাংক থেকে টাকা বুঝে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মিঠু।
এই ব্যাপারে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে বলেন, 'আমার এখন আমার যে লক্ষ্য হচ্ছে যে ঢাকার পাওনাটা আমাদের পরিশোধ করতে হবে। এটার পরে বাকি যা হিসাব নিকাশ করে হিসাবটা শেষ করে আমি তখন জানাবো। পরের বছর পরেরটা দেখা যাবে কিন্তু এই মুহূর্তে আমি শুধু ঢাকা এবং বিপিএলের হিসাব শেষ করার দিকেই মনোযোগ দিচ্ছি।'
তিনি যোগ করেন, 'আজকে আপনি চিন্তা করেন আমরা যদি জামানতের টাকাগুলি না নিতাম বা ব্যাংক গ্যারান্টি না নিতাম এটা আগের বিপিএলগুলির মতনই হত যে টাকা টাকা পেতো না। আমি মনে করি আমাদের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল যে ব্যাংক গ্যারান্টি নেয়া। সেইজন্য এখন পর্যন্ত পাঁচটা দল শেষ (ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়া) হয়ে গেছে।'
এদিকে ঢাকাকে বেশ কয়েকবার চিঠি দিলেও বারবার তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। তবে এর বাস্তবায়ন ঘটেনি। এবার আর তাদের সুযোগ দিচ্ছে না বিসিবি। দলটির ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজিটির কাছে ৩ কোটির বেশি টাকা পান। ব্যাংক গ্যারেন্টির টাকা তুলে সেখান থেকেই সব পরিশোধ করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
এই বিষয়ে খোলাসা করে মিঠু বলেন, 'ঢাকাকে আমরা এতদিন- মানে ২৩ তারিখে খেলা শেষ হয়েছে। আমরা ইতিমধ্যে তিনটা চিঠি দিয়েছি। ওনারা বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে পাওনা পরিশোধ করে দিবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের হিসাবে প্রায় সাড়ে ৩ কোটি টাকার উপরে খেলোয়াড়রা পায়। আমরা হিসাবটা নিচ্ছি কিন্তু খেলোয়াড়দের থেকে। এখন আমরা আমাদের কাছে যে দুইটা ব্যাংক গ্যারান্টি ছিল সেটা আমরা ব্যাংকে পাঠিয়ে দিয়েছি।'
তিনি আরও বলেন, 'ব্যাংকের প্রক্রিয়া অনুযায়ী ৭-৮ দিনের মধ্যে ব্যাংক ওদের নিয়ম অনুযায়ী ওই টাকাগুলি আমাদের- এটা শর্তহীন ব্যাংক গ্যারান্টি ছিল। তো ওরা আমাদের কাছে টাকাটা দিয়ে দিলে আমরা তখন ঢাকাকেও ডাকবো, খেলোয়াড়দেরও ডাকবো। তারপর চূড়ান্ত যে পরিমাণ টাকা আসবে এগুলি ক্রিকেট বোর্ড থেকে দিয়ে দেবো। দিয়ে বাকি টাকা ওদের ফেরত করে দেবো।'