পিএসএল নিলাম থেকে জোসেফকে তার বেস প্রাইস ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপিতে কিনেছিল ইউনাইটেড। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তার জন্য বিড করেনি। তবে জানা গেছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই চুক্তি বাতিল হয়েছে। বদলি হিসেবে মুজারাবানিকেই পছন্দ ইউনাইটেডের।
জিম্বাবুয়ের এই পেসারের সঙ্গে সবরকমের চুক্তি পাকা হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিটির। তারা এখন পিএসএলের টেকনিক্যাল কমিটির অনুমোদনের অপেক্ষায়। ২৯ বছর বয়সী মুজারাবানি এর আগে পিএসএলে খেলেছেন। ২০২১ সালে শিরোপাজয়ী দলের অংশও ছিলেন।
গত এক বছর ধরে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে পারেননি মুজারাবানি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে জিতিয়েছেন এই পেসার। এর ফলে সুপার এইটে যাওয়ার দৌড়েও বেশ ভালোভাবে এগিয়ে আছে দলটি। এর আগেই সুখবর পেলেন জিম্বাবুয়ের এই পেসার।
ইউনাইটেডের পেস বিভাগ এমনিতেই সমৃদ্ধ। দলে আছেন মোহাম্মদ হাসনাইন, সালমান ইরশাদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মীর হামজা ও রিচার্ড গ্লিসন। তারা সবাই পেসার। পাশাপাশি নিলাম থেকে তারা ফাহিম আশরাফকেও দলে নিয়ে। বোলিং আক্রমণে তিনিও রাখতে পারেন বড় ভূমিকা।
আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে পিএসএল। এবারের আসরে যোগ দিচ্ছে দুটি নতুন দল শিনয়ালকোট স্ট্যালিয়ন্স ও হায়দরাবাদ হিউস্টন কিংসম্যান। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে। এর আগে অবশ্য আরও বেশ কয়েকজন ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ আছে ফ্র্যাঞ্চাইজিদের। এ কারণে তারা নিলামে এই জায়গাগুলো পূরণ করেনি।