এশিয়ান গেমসের হতাশার পরও বাংলাদেশের শীর্ষ ব্যাটার নিগার সুলতানা নিজের অবস্থান ধরে রেখেছেন। সর্বশেষ তালিকায় ৫৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ২০ নম্বরে আছেন। সোবহানা অবশ্য দুই ধাপ নেমে ৩৯ নম্বরে গেছেন। আগের তালিকায় ৩৭ নম্বরে থাকা এই ব্যাটারের রেটিং এখন ৪৯৪ । অন্যদিকে শারমিন আক্তার ৫ ধাপ নেমে ৪৫,স্বর্ণা আক্তার ৫ ধাপ নেমে ৫৮ এবং দিলারা আক্তার ১ ধাপ উপরে উঠে ৬২ নম্বরে অবস্থানে আছেন। জুয়ারিয়া ফেরদৌসও ৬ ধাপ নিচে নেমে যৌথভাবে ৯৭ নম্বরে আছেন।
বোলারদের র্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে বাংলাদেশের মেয়েদের । মারুফা আক্তার ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ নেমে ১৭ নম্বরে আছেন। রাবেয়া খান ১ ধাপ নেমে ১৯, নাহিদা আক্তার ১ ধাপ নেমে ৩১ এবং সুলতানা খাতুন ২ ধাপ নেমে যৌথভাবে ৩৫ নম্বরে রয়েছেন। বাংলাদেশের পরের সারির বোলারদের মধ্যে সানজিদা আক্তার মেঘলা ৪৯, ফাহিমা খাতুন ৫১, ফারিহা ত্রিস্না যৌথভাবে ৮৩ এবং রিতু মনি ৯২ নম্বরে রয়েছেন।
এশিয়ান গেমসে বাংলাদেশের হতাশার শুরু সেমিফাইনাল থেকেই। ভারতের বিপক্ষে ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮১ রানে অলআউট হয় তারা। শেফালি ভার্মার অপরাজিত ১০০ রানের ইনিংসের ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি।
পরে ব্রোঞ্জ পদকের ম্যাচেও একই চিত্র দেখা যায়। পাকিস্তানের ১৪৫ রানের জবাবে বাংলাদেশ ৭ উইকেটে ১১৪ রান করে থেমে যায়। ফলে এশিয়ান গেমসে পদক ছাড়াই ফিরতে হয়েছে বাংলাদেশকে। তবে সর্বশেষ র্যাঙ্কিংয়ে সেই ব্যর্থতার বড় প্রভাব এখনো পড়েনি—শুধু সোবহানাই এক ধাপ পিছিয়েছেন, বাকিরা নিজেদের জায়গা ধরে রেখেছেন।
ভারতের শেফালির দুর্দান্ত ফর্মের পুরস্কার মিলেছে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে। দুই ধাপ উঠে চার নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৪৯ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস ছিল তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সাদা বলের শতক। ৭৫৬ পয়েন্ট নিয়ে স্মৃতি মান্ধানা ও হেইলি ম্যাথিউজকে টপকে শীর্ষ চারে উঠেছেন শেফালি।
পাকিস্তানের শাওয়াল জুলফিকার ১৬ ধাপ উঠে ২৯ নম্বরে, আয়েশা জাফর ৩১ ধাপ উঠে ৪০ নম্বরে জায়গা করে নিয়েছেন। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আয়েশা উঠেছেন ৩০ নম্বরে। বোলিংয়ে ভারতের এন শ্রী চরণী ও দীপ্তি শর্মা যথাক্রমে শীর্ষ দুই অবস্থান ধরে রেখেছেন, আর পাকিস্তানের ফাতিমা সানা পাঁচ ধাপ উঠে ২৪ নম্বরে আছেন।