ক্রিকেটকে বিদায় বলে দিলেন কলিন ইনগ্রাম

সাউথ আফ্রিকা ক্রিকেট
কলিন ইনগ্রাম, ফাইল ফটো
কলিন ইনগ্রাম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দীর্ঘ দুই দশকের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার কলিন ইনগ্রাম। ৪১ বছর বয়সে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। সাউথ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলেছেন ইনগ্রাম। তার সর্বশেষ দল ছিল ইংলিশ কাউন্টি ক্লাব গ্ল্যামারগন।

চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে গ্ল্যামারগনের হয়ে খেলছিলেন ইনগ্রাম। কার্ডিফে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল তার শেষ। ওই ম্যাচের দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে যথাক্রমে ১৯ ও ৫ রান। তবে পুরো মৌসুমে ১২ ম্যাচে ৩১.৪০ গড়ে ৬২৮ রান করেছেন তিনি।

অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইনগ্রাম লিখেন, 'পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার দিনটি অবশেষে এসে গেছে।'

নিজের ক্রিকেটযাত্রা স্মরণ করে তিনি বলেন, 'লাজুক এক কৃষক পরিবারের ছেলে স্বপ্ন দেখত, যে খেলাটিকে সে ভালোবাসে, সেটি খেলবে। ২০ বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন সেই স্বপ্ন বেঁচে থাকার সৌভাগ্য হয়েছে আমার। আমি খেলাটিকে ভালোবাসি এবং যতটা সম্ভব সেরা হওয়ার চেষ্টা করেছি।'

২০০৪-০৫ মৌসুমে ফ্রি স্টেটের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক ইনগ্রামের। ২০১০ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ২০১৩ সাল পর্যন্ত সাউথ আফ্রিকার সাদা বলের দলে ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে ৩১ ওয়ানডেতে ৮৪৩ এবং ৯ টি-টোয়েন্টিতে ২১০ রান করেছেন ইনগ্রাম।

আন্তর্জাতিক ক্রিকেটের পর ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে নিজেকে প্রতিষ্ঠিত করেন ইনগ্রাম। আইপিএল, বিগ ব্যাশ, আইএলটি২০, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দ্য হান্ড্রেড, পাকিস্তান সুপার লিগ ও এসএ টোয়েন্টিসহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছেন তিনি। সব মিলিয়ে ৩৭৮ টি-টোয়েন্টি ম্যাচে তার রান ৯ হাজার ১৭, ব্যাটিং গড় ২৭.৪৭ এবং স্ট্রাইক রেট ১৩৮.৫০।