২০২২ সালে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নেওয়ার পর জ্যোতির অধিনায়কত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্যের একটি ছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারানো। সেই আসরে ব্যাট হাতে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে সাতটি ডিসমিসালও করেছিলেন তিনি। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও পরে ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার এবং বিশ্বকাপে পাঁচ ম্যাচে দুই জয় তার নেতৃত্ব নিয়ে আলোচনা বাড়ায়।
এশিয়া কাপের ব্যর্থতার পর সেই আলোচনা আরও জোরালো হয়। এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নেয় বাংলাদেশ। এর পরই জ্যোতি বিসিবিকে ই-মেইলে জানান, এশিয়ান গেমসের পর আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকতে চান না; তবে ওয়ানডে দলে নেতৃত্ব চালিয়ে যাবেন। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছিলেন।
এখন নতুন অধিনায়ক হিসেবে নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারিকে এগিয়ে রাখছে বিসিবির একটি অংশ। এ বিষয়ে ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা বলেন, 'নিগার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এখন নতুন কাউকে দায়িত্ব দিতে হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে নাহিদা ও সোবহানা দুজনই শক্ত প্রার্থী।' তবে ওই কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করতে চাননি।
নাহিদা এরই মধ্যে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলেও জ্যোতির ডেপুটি ছিলেন তিনি। অন্যদিকে সোবহানা নিয়মিত টি-টোয়েন্টি দলে গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছিলেন তিনি। ফলে দুজনের নামই স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে।
তবে নাহিদা-সোবহানার বাইরে ভবিষ্যতের জন্য নতুন কাউকে নেতৃত্বে গড়ে তোলার ভাবনাও আছে বিসিবিতে। ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া রাবেয়া খান এবং অলরাউন্ডার শরনা আক্তারের নামও বিবেচনায় আসতে পারে। তবে বর্তমান পর্যায়ে তাদের কাউকে সরাসরি জাতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া নিয়ে বোর্ডের মধ্যে দ্বিধা রয়েছে। একই সঙ্গে এশিয়ান গেমসের পর নারী দলের কোচিং সেটআপেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
এশিয়ান গেমসেই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে জ্যোতির শেষ ম্যাচ হয়ে যেতে পারে। ২১ সেপ্টেম্বর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। ফলে এশিয়ান গেমস শেষ হলেই নতুন অধিনায়ক নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে। আপাতত সেই দৌড়ে নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারিই আলোচনার কেন্দ্রে।