অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক সাফল্যের পর গতকাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–১ সমতায় শেষ হলেও ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বড় অর্জন করেছে বাংলাদেশ। তবে ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হয়ে দুই দিনেই ম্যাচ হারে বাংলাদেশ।
তালহা মনে করেন, বিদেশের মাটিতে সাফল্য পেতে পেসারদের ভালো পারফরম্যান্সের বিকল্প নেই। তিনি বলেন, ‘আপনার পেস বোলাররা যখন ভালো পারফর্ম করে, তখনই বিদেশের মাটিতে টেস্ট জয়ের আশা করা যায়। আপনাকে ২০ উইকেট নিতে হবে। আমাদের জন্য এটি অবশ্যই ভালো একটি লক্ষণ। আশা করি, তারা নিজেদের এই ফর্ম ধরে রাখতে পারবে।’
দ্বিতীয় টেস্টে ব্যাটিং ব্যর্থতার কারণেই সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে বলে মনে করেন তালহা। তাঁর ভাষায়, ‘এটি দলীয় খেলা। অবশ্যই এই বিষয় নিয়ে উদ্বেগ আছে। ব্যাটসম্যানরা যদি আরেকটু ভালো করতে পারত, তাহলে দ্বিতীয় টেস্টে আমরা আরও ভালো ফল পেতে পারতাম। দ্বিতীয় টেস্টে টসও খুব গুরুত্বপূর্ণ ছিল। উইকেটে অনেকটা টেনিস বলের মতো বাউন্স ছিল। আমরা সেটার সঙ্গে মানিয়ে নিতে পারিনি।’
তবে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়কে বড় অর্জন হিসেবে দেখছেন জাতীয় দলের সাবেক এই পেসার। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে কোনো সেশনেই ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অনুমান করলেও টসের প্রভাবকে গুরুত্বপূর্ণ মনে করছেন তালহা।
তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় গিয়ে এভাবে আধিপত্য বিস্তার করে তাদের হারানো বড় ব্যাপার। আমরা জানি, অস্ট্রেলিয়া কীভাবে পাল্টা আক্রমণ করে। প্রথম টেস্টে তারা আমাদের সঙ্গে তাল মেলাতে পারেনি। দ্বিতীয় টেস্টে আমরা জানতাম, অস্ট্রেলিয়া শক্তভাবে ফিরে আসবে। টস শেষ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। টস আমাদের পক্ষে গেলে ফল উল্টে যেতে পারত।’
ডারউইনের জয়কে বাংলাদেশের সক্ষমতার বড় বার্তা হিসেবেও দেখছেন তালহা। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াকে হারানো আমাদের জন্য বিশাল ব্যাপার। এটি বিশ্ব ক্রিকেটে একটি বার্তা দেয় যে আমরা যেকোনো দলকে হারাতে পারি। সামনে আমাদের যে সফরগুলো আছে, সেখানে এই অভিজ্ঞতা অনেক কাজে দেবে।’