‘বি’ দল পাঠাবে না ভারত

এশিয়ান গেমস
ভারতীয় দল
ভারতীয় দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়ান গেমসের পর্দা উঠতে আর এক মাসেরও কম সময় বাকি। জাপানের আইচি ও নাগোয়ায় অনুষ্ঠিত হবে এবারের এই আসর। যদিও আসর শুরুর আগেই অংশগ্রহণকারীদের থাকার ব্যবস্থা করতেই বেগ পেতে হচ্ছে আয়োজকদের। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অ্যাথলেটদের থাকার ব্যবস্থা করতে হবে তাদের নিজেদেরই।

এই সংবাদ প্রকাশ্যে আসার পর উদ্বেগ প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রায় ১৫ হাজার অ্যাথলেট ও কর্মকর্তার অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু গত সপ্তাহে এশিয়ান গেমসের আয়োজক সংস্থা অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) জানিয়েছে, এবারের গেমসে অংশ নিতে পারেন প্রায় ১৭ হাজার মানুষ—১১ হাজার অ্যাথলেট ও ৬ হাজার কর্মকর্তা।

এই বাড়তি চাপ সামাল দিতে গিয়েই এখন আবাসন সংকটে পড়ে আয়োজকরা। এমন অবস্থায় এশিয়ান গেমস ক্রিকেটের জন্য ভারত দ্বিতীয় সারির দল পাঠাতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। এমনকি পরিস্থিতি সরজমিনে দেখতে একজন পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করছে ভারতের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। এমনটাই সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।

যদিও বি দল পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বিসিসিআই। তাদের একটি সূত্র কথা বলেছে এনডিটিভির সঙ্গে। তারা জানিয়েছেন এমন কোনো পরিকল্পনা নেই বিসিসিআইয়ের। ভারতীয় ক্রিকেট বোর্ড আবাসন ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও 'বি' দল পাঠানোর কোনো চিন্তা করছে না। এমনটাই জানানো হয়েছে এক প্রতিবেদনে।

এএনআইকে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছিল, ‘জাপানে সুযোগ-সুবিধা ও খেলোয়াড়দের ব্যবস্থাপনা নিয়ে বিসিসিআই ও এসিসি খুশি নয়। বোর্ড সেখানে একজন পর্যবেক্ষক পাঠাবে। তিনি আমাদের কাছে প্রতিবেদন জমা দেবেন। ব্যবস্থাপনা সন্তোষজনক না হলে সেখানে বি দল পাঠানোর কথা বিবেচনা করা হতে পারে।’

জাপান অলিম্পিক কর্মকর্তাদের সঙ্গে এসিসির এক সভায় বিষয়টি তোলা হয়েছিল বলেও জানিয়েছে সূত্রটি। সেখানে নাকি বলা হয়েছে, ক্রিকেটারদের ড্রেসিংরুম তাঁবুর মধ্যে তৈরি করা হয়েছে। সেই তাঁবু থেকে প্রায় ৫০০ মিটার দূরে রাখা হয়েছে শৌচাগার। এ ছাড়া হোটেলের কক্ষগুলোও বেশ ছোট—এমন ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ রয়েছে বিসিসিআইয়ের।

এশিয়ান গেমসের সর্বশেষ আসর ২০২৩ সালে চীনের হুয়াংজুতে অনুষ্ঠিত হয়েছিল। সেবার পুরুষ ক্রিকেটে স্বর্ণ জিতেছিল ভারত। বৃষ্টির কারণে ভারত ও আফগানিস্তানের মধ্যকার ফাইনাল পরিত্যক্ত হলে রান রেটের ব্যবধানে ভারতকে জয়ী ঘোষণা করা হয়েছিল। এরই মধ্যে ভারত এশিয়ান গেমসের দল ঘোষণা করেছে। ছেলেদের দলের অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে। আর মেয়েদের ক্রিকেটে দলটিকে নেতৃত্ব দেবেন হারমানপ্রীত কৌর।

আরো পড়ুন: