মিরাজের কাছে ভুল স্বীকার করে নিলেন স্টার্ক

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
মিচেল স্টার্কের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন মেহেদী হাসান মিরাজ, ফাইল ফটো
মিচেল স্টার্কের সঙ্গে বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন মেহেদী হাসান মিরাজ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়া-বাংলাদেশের চলমান ডারউইন টেস্টের দ্বিতীয় দিন উইকেটের মাঝে দৌড়ানো নিয়ে মিচেল স্টার্কের সঙ্গে বাকবিতন্ডা হয় মেহেদী হাসান মিরাজের। এবার তা নিয়ে মুখ খুললেন মিরাজ। ঘটনায় দুজনের অবস্থান পরিষ্কার করেন এই অলরাউন্ডার। তার কাছে স্টার্ক নিজের ভুল স্বীকার করেছেন বলেও জানান মিরাজ।

গতকাল বাংলাদেশের প্রথম ইনিংসে স্টার্কের করা ২১তম ওভারের (অস্ট্রেলিয়ার ইনিংসের ১০৩তম ওভার) পঞ্চম বলে পয়েন্টের দিকে বল ঠেলে রান নিতে ছুটে যান মিরাজ। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও রান নেওয়ার সময় পিচের মাঝের সুরক্ষিত অংশ বা ‘প্রোটেক্টেড এরিয়া’ এড়িয়ে চলতে হয়।

দৌড় শুরু করার সময় মিরাজের চোখ ছিল স্টার্কের দিকে। কিন্তু পরে তিনি বলের দিকে তাকিয়ে ফেলেন। আবার সামনে চোখ ফেরানোর সময় দেখেন, তিনি স্টার্কের প্রায় মুখোমুখি অবস্থানে চলে এসেছেন। তখন সরে না গিয়ে পিচের মাঝ বরাবরই দৌড়াতে থাকেন মিরাজ। বিষয়টি আম্পায়ার কুমার ধর্মসেনারও চোখে পড়ে।

রানটি সম্পন্ন হওয়ার আগেই ধর্মসেনা মিরাজের কাছে গিয়ে তাকে পিচের সুরক্ষিত অংশ দিয়ে দৌড়ানোর জন্য সতর্ক করেন। মিরাজও সঙ্গে সঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে জানান, বলের দিকে তাকিয়ে থাকার কারণে সামনে কী ছিল, তা তিনি খেয়াল করতে পারেননি।

এ ঘটনাকে কেন্দ্র করেই মাঠের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। স্টার্ক মিরাজের দিকে ইঙ্গিত করে বোঝান, সেটি তার ফলো-থ্রুর জায়গা এবং মিরাজের উইকেটের কাছ থেকে সরে যাওয়া উচিত। মিরাজ পাল্টা জানান, বল দেখতে গিয়েই তিনি সামনে কিছু দেখতে পাননি। পরে নিজের জায়গায় ফেরার সময় স্টার্ককে আরও বলতে শোনা যায়, ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’।

পুরো বিষয় নিয়ে টেস্টের তৃতীয় দিন শেষে মিরাজ বলেন, ‘গতকাল ওই রকম কোনো কিছু হয়নি। শুধু ব্যাটিং করার পর সামনে চলে এসেছিল, আমিও আবার বলটা দেখতে পারিনি। তো উইকেটের ভেতর থেকে রানটা নিয়েছিলাম। তবে এটা ক্রিকেট খেলার মাঠে হতে পারে। আর আজ সকালে ও আমার সঙ্গে কথা বলেছে এবং গতকাল যা হয়েছে, ও বলেছে, ‘না, ঠিক আছে। এটা আমারও ভুল হয়েছে। তবে ঠিক আছে, সব ঠিক আছে।’’

আরো পড়ুন: