সাত নম্বরে নেমে ১৪১ বলে অপরাজিত ১০৯ রান করেন মিরাজ। তার ইনিংসে ছিল ১১টি চার ও চারটি ছক্কা। মুমিনুল হক ৩৭ এবং সাদমান ইসলাম ৩১ রান করলেও হাফ সেঞ্চুরি দেখা পাননি আর কেউ।
দিনের খেলা শেষে নিজের ইনিংস নিয়ে মিরাজ বলেন, 'বলের মান অনুযায়ী খেলার চেষ্টা করেছি। তাদের বোলাররা খুব ভালো জায়গায় বল করছিল। আমার জন্য শুরুটা কঠিন ছিল, কারণ এই পরিবেশে এটাই প্রথম খেলা। তাই জুটি গড়া আর উইকেটে মানিয়ে নেয়ার দিকেই আগে মনোযোগ ছিল। পরে সুযোগ পেয়ে রান এসেছে।'
সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে এই ইনিংস আত্মবিশ্বাস বাড়াবে বলেও মনে করেন মিরাজ, 'সামনে টেস্ট আছে, তাই এই ইনিংস অনেক আত্মবিশ্বাস দেবে। যে মানসিকতা নিয়ে খেলেছি, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমার এবং দলের জন্যই ভালো হবে।'
শুরুর কঠিন পরিস্থিতি সামলে ধৈর্য ধরে ব্যাট করার দিকেও গুরুত্ব দিয়েছেন এই অলরাউন্ডার। তার ভাষায়, 'শুরু থেকেই পরিবেশ কঠিন ছিল। তাই পরিস্থিতি সামাল দিয়ে খেলেছি, এক প্রান্ত ধরে রেখে রান নেয়ার চেষ্টা করেছি। সুযোগ এলে সেটাও কাজে লাগানোর চেষ্টা করেছি।'
বাংলাদেশের ২৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষে দুই উইকেট হারিয়ে ৫১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।