হাসান-তাসকিনে মুগ্ধ গিলেস্পি, মিস করছেন নাহিদকে

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
জেসন গিলেস্পি
জেসন গিলেস্পি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০০৩ সালে সবশেষ অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলেছিলো বাংলাদেশ। সেবার অজিদের বিখ্যাত পেস ত্রয়ী গ্লেন ম্যাকগ্রা-ব্রেট লি-জেসন গিলস্পি বাংলাদেশকে গুড়িয়ে দিয়েছিলেন বল হাতে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেকোনো দেশের জন্যই এই পেস ত্রয়ী তখন ছিল আতংকের নাম। ২৩ বছর পর যখন আবার বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সফর করছে তখনো অজিদের আছে প্যাট কামিন্স,মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডদের নিয়ে গড়া বিশ্বের অন্যতম সেরা আক্রমণ। কিন্তু এবার অজিদের বিশ্বসেরা আক্রমণ নয়, তাদের ছাপিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দাপট দেখাচ্ছেন বাংলাদেশের হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদরা।

নিজেদের মাটিতে নিজের উত্তরসূরীদের ছাপিয়ে বাংলাদেশের পেসারদের দাপট দেখানো মুগ্ধ করেছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি গিলেস্পিকে। খেলোয়াড়ি জীবনে বাংলাদেশকে ব্যাট-বল দুই ক্ষেত্রেই দুঃসময় উপহার দেয়া গিলেস্পি দারুণ খুশি বাংলাদেশ থেকে একের পর এক বিশ্বমানের পেসার উঠে আসায়। তবে, বাংলাদেশের এই আক্রমণে নাহিদ রানাকে ভীষণ মিস করছেন তিনি। নাহিদকে অস্ট্রেলিয়ার মাটিতে বল করতে দেখার জন্য মুখিয়ে আছেন বলেও জানান গিলেস্পি।

সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ডারউইন টেস্টে গিলেস্পি বলেন, 'হাসান মাহমুদ ৫৫ রানে ৬ উইকেট নিয়েছে, যা অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের লড়াইয়ে যেকোনো বোলারের সেরা পরিসংখ্যান। এটা তার জন্য একটা দারুণ অর্জন এবং সে এটার যোগ্য ছিল। কারণ সে সত্যিই খুব ভালো বল করেছে। পাশাপাশি অন্য পেসাররাও ভালো করেছে।'

গিলেস্পি আরো যোগ করেন, 'বাংলাদেশের সবাই আমাকে মুগ্ধ করেছে। হাসান তো ভালো করেছেই, ইবাদত এবং তাসকিনও খুব ভালো বল করেছে। পেসাররাই অস্ট্রেলিয়াকে ২০০ রানের নিচে অলআউট করতে বেশি কার্যকর ছিল। আমার মনে হয় তারা দারুণ করেছে।'

বাংলাদেশের পেসারদের এমন সাফল্যের মাঝেও নাহিদকে না দেখার আক্ষেপ লুকাতে পারেননি গিলেস্পি। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সবশেষ সিরিজে সাইড স্ট্রেনের চোটে পড়ে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যান এই পেসার। সাম্প্রতিক সময়ে গতি ও আগ্রাসন দিয়ে সারা বিশ্বের আলোচনায় থাকা নাহিদকে তাই দ্রুতই মাঠে দেখতে চান গিলেস্পি।

নাহিদের এই সিরিজে না থাকা প্রসঙ্গে গিলেস্পি বলেন, 'নাহিদ রানা কি পরের টেস্টের জন্য ফিট আছে? সে কি স্কোয়াডে ফিরেছে? আমি তাকে পিএসএলে দেখেছিলাম, সে বেশ গতি এবং আগ্রাসন নিয়ে বল করে। সে বেশ লম্বা একজন ফাস্ট বোলার। তাকে এখানে দেখাটা দারুণ হতো, তবে আশা করি সে দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশের হয়ে আবার খেলবে।'

পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে পেস বোলিংয়ে উন্নতি করা নিয়েও নিজের মূল্যায়ন জানান সাবেক এই পেসার, 'বর্তমান বাংলাদেশের পেসারদের মধ্যে যেটা ভালো দিক তা হলো ‘ডেপথ’ বা গভীরতা। বাংলাদেশ কেবল একজন বা দুইজন বোলারের ওপর নির্ভর করতে চায় না। আমার মনে হয়, বাংলাদেশের কোচিং স্টাফরা অনেকগুলো পেসার তৈরি করতে চায় যারা সব ফরম্যাটে খেলতে পারবে। এই গভীরতা তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ।'

ডারউইন টেস্টে বাংলাদেশের ভালো পারফরম্যান্সের পর খুব দ্রুতই আবার বাংলাদেশ অস্ট্রেলিয়াতে টেস্ট খেলার সুযোগ পাবে এমন প্রত্যাশা করেন গিলেস্পি। এমনকি, পরের সিরিজগুলোতে মেলবোর্ন, সিডনির মতো ঐতিহাসিক ভেন্যুগুলোতেও বাংলাদেশকে খেলতে দেখতে চান তিনি।

এ প্রসঙ্গে গিলেস্পি বলেন, ' ডারউইনে দুই টেস্টের মাঝে ২৩ বছরের ব্যবধান অনেক বেশি। আমার কাছে এটা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের এখানে নিয়মিত আসা উচিত। বাংলাদেশের সবাই নিশ্চয়ই মেলবোর্ন, সিডনি বা অ্যাডিলেডের মতো বড় মাঠে খেলতে চাইবে। আশা করি ভবিষ্যতে এমন কিছু হবে।'

আরো পড়ুন: