সেপ্টেম্বরে হাসানকে আবারও স্বাগত জানাতে মুখিয়ে কেন্ট

কাউন্টি চ্যাম্পিয়নশিপ
কেন্টের ফেসবুক পেজ থেকে নেওয়া
কেন্টের ফেসবুক পেজ থেকে নেওয়া
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুই ম্যাচেই আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ। ‍জাতীয় দলের ব্যস্ততার জন্য ছাড়তে হয়েছে ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়া সফরের ব্যস্ততা শেষে আগামী সেপ্টেম্বরে আবারও কেন্টের জার্সিতে খেলবেন ডানহাতি এই পেসার। অস্ট্রেলিয়াতে আগুনে বোলিংয়ে সবার নজর কেড়ে নেওয়া হাসানকে আবারও স্বাগত জানাতে তর সইছে না কেন্টের। এমনটাই জানিয়েছেন ক্লাবটির ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক।

গত জুনে প্রথমবারের মতো ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছিলেন হাসান। কেন্টের জার্সিতে অভিষেকটাও রাঙিয়েছিলেন দারুণভাবে। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দুই ইনিংস মিলে নিয়েছিলেন ৯ উইকেট। যেখানে এক ইনিংসেই ২৬ বছর বয়সী পেসার নিয়েছিলেন ৬ উইকেট। দ্বিতীয় ম্যাচে মিডলসেক্সের বিপক্ষে শিকার করেছিলেন তিন উইকেট।

জিম্বাবুয়ে সফরের ব্যস্ততা শেষ করে কেন্টের হয়ে খেলেছেন টি-টোয়েন্টি ব্লাস্টেও। তিন ম্যাচে অবশ্য দুই উইকেটের বেশি নিতে পারেননি। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পর এখন হাসান ব্যস্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলতে। ডারউইনে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে অজিদের গুঁড়িয়ে দিয়েছেন তিনি। হাসানের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত কেন্টও। নিজেদের ফেসবুকে ছবি পোস্ট করে অভিবাদন জানিয়েছে তারা।

এমনকি দ্রুতই তাকে কেন্টের জার্সিতে দেখার আশা করছে। বিসিবির অনাপত্তি পত্র (এনওসি) পেলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের আরও চারটি ম্যাচ খেলতে আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডে যাবেন হাসান। বাংলাদেশের পেসারকে আবারও স্বাগত জানাতে অপেক্ষা করছে তারা। কুক মনে করেন, হাসান সেপ্টেম্বরেও তাদের জন্য বড় অস্ত্র হবেন।

এ প্রসঙ্গে কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট কুক বলেন, ‘আগামী সেপ্টেম্বরে হাসান মাহমুদকে কেন্টে আবারও স্বাগত জানাতে পারা আমাদের জন্য দারুণ ব্যাপার হবে। বিদেশি খেলোয়াড় হিসেবে প্রথম দফায় সে মুগ্ধ করেছে। সেপ্টেম্বরেও সে আমাদের জন্য বড় সম্পদ হবে। কারণ তখন কাউন্টি চ্যাম্পিয়নশিপের বেশিরভাগ ম্যাচই আমরা ঘরের মাঠে খেলব। অর্থাৎ ক্যান্টারবেরিতে নিজেদের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমাদের পুরো নিয়ন্ত্রণ থাকবে।’

হাসানের মতো কাউন্টি চ্যাম্পিয়নশিপের খেলতে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। জানা গেছে, কয়েকটি ম্যাচের জন্য বাংলাদেশের তারকা পেসারকে প্রস্তাব দিয়েছে কেন্ট। বিসিবি থেকে এনওসি পেলে হাসানের সঙ্গে তাকেও দেখা যেতে পারে ইংল্যান্ডে। বর্তমানে চোট থেকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলার জন্য অপেক্ষা করছেন শরিফুল।

আরো পড়ুন: