শুধু টিকে থাকতে যাচ্ছি না, ভালো কিছু করতে চাই: বাশার

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
হাবিবুল বাশার
হাবিবুল বাশার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০০৩ সালের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দলের প্রথম বহর। আর রবিবার রাতে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর যাচ্ছে অস্ট্রেলিয়ায়। দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন বাংলাদেশ দল এখন শুধু টিকে থাকতে যাচ্ছে না ভালো কিছু করতে যাচ্ছে।

অস্ট্রেলিয়া সফরকে ক্রিকেটারদের জন্য দারুণ এক সুযোগ হিসেবেই দেখছেন বাশার। ক্রিকেটাররাও নিজেদের ক্যারিয়ারের অর্জন হিসেবে রাঙাতে অস্ট্রেলিয়া সিরিজে দারুণ কিছু করার জন্য মুখিয়ে আছেন বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। সিরিজ শুরুর আগে নাটকীয়ভাবে লিটন দাসের ফেরা বাংলাদেশ দলের শক্তি বাড়াবে বলেও ধারণা তার।

বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাশার বলেন, ‘চ্যালেঞ্জ তো ২৩ বছর আগেও ছিল, এখনো আছে। অবশ্যই ২৩ বছর আগের লক্ষ্যটা এক রকম ছিল, এখনকার লক্ষ্যটা ভিন্ন। তখনকার প্রেক্ষাপট এক রকম ছিল, এখনকার প্রেক্ষাপট অন্য রকম। অবশ্যই, তখন তো আমরা যখন গেছি, আমি আগেও বলেছি, তখন আসলে আমাদের মূল লক্ষ্য ছিল টিকে থাকা। তবে আমরা শুধু টিকে থাকতে যাচ্ছি না, আমরা ভালো কিছু করতে চাই।’

লিটনের ফেরা নিয়ে বাশার যোগ করেন, ‘আমাদের নিয়মিত সদস্য তিনজন বাইরে চলে গিয়েছিল, নাহিদ রানা, শরিফুল, লিটন। তাই লিটনকে ফিরে পেয়েছি, যা খুবই ভালো। নাহিদ রানাকে হয়তো পাব না। শরিফুলকেও যদি পাই, তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। তবে লিটনের ফিরে আসা অবশ্যই ইতিবাচক লক্ষণ। লিটন ফিরে আসায় আমাদের ব্যাটিংটা একটু শক্ত হলো।’

বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটারই প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। বাশার মনে করেন অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে খেলা যেকোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। এই সফরটি নিয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররাও বেশ ইতিবাচক জানিয়েছেন বাশার। সবাই সিরিজটিতে স্মরণীয় কিছু করার জন্য মুখিয়ে আছেন।

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের লক্ষ্য নিয়ে বাশার বলেন, ‘আমার মনে হয়, সবাই খুব রোমাঞ্চিত। যাদের সঙ্গে দলের যতটুকু কথা হয়েছে, গেলে আরও ভালোভাবে কথা হবে। সবাই এখানে বিশেষ কিছু করে তাদের ক্যারিয়ারে মনে রাখার মতো কিছু করতে চায়। আমরা জানি যে চ্যালেঞ্জটা অনেক বেশি। অবশ্যই অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। কিন্তু সবাই এমন কিছু করতে চায়, যেটা সারা জীবন মনে রাখতে পারবে, যেটা তাদের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হতে পারে। আমার মনে হয়, সবাই খুব ইতিবাচক। জানি কাজটা কঠিন, অবশ্যই কঠিন। কিন্তু কাজটা করতে পারলে সবারই ভালো লাগবে।’

আরো পড়ুন: