অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু করলেন লিটন, খেলতে পারেন প্রস্তুতি ম্যাচেও

অস্ট্রেলিয়া-বাং
লিটন দাস, ফাইল ফটো
লিটন দাস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে বুধবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে (ডিএক্সসি অ্যারেনা) পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন লিটন দাস। ব্যাটিং ও উইকেটকিপিং দুই বিভাগেই স্বাচ্ছন্দ্যের সঙ্গে অনুশীলন সেরেছেন তিনি। বৃহস্পতিবার সকালে তাকে পর্যবেক্ষণ করা হবে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে তাকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলানো হবে কিনা। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের সঙ্গে থাকা বাংলাদেশের প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

প্রথম টেস্টের স্কোয়াডে শুরুতে লিটনকে দলে রাখা হয়নি। তবে চোট থেকে সেরে ওঠায় পরে তাকে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ পায়ের কাফে চোট পাওয়ার কারণে জিম্বাবুয়ে সফরও মিস করেছিলেন তিনি। বুধবার তাকে নিয়ে সুখবর দিয়েছেন প্রধান নির্বাচক।

অনুশীলন শেষে বিসিবির প্রধান নির্বাচক বাশার বলেন, ‘কোনো ধরনের অভিযোগ ছাড়াই ওকে পুরো অনুশীলন শেষ করতে দেখে আমরা অনেকটাই স্বস্তি পেয়েছি। সকালে ওর অবস্থা দেখে প্রস্তুতি ম্যাচে খেলবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

নেটে দীর্ঘ সময় ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিং অনুশীলনও করেছেন লিটন। এ প্রসঙ্গে বাশার বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজের সময় ব্যাটিং নিয়ে কোনো সমস্যা ছিল না। আসল সমস্যা ছিল কাফের চোট। দ্রুত দৌড়ানো ও হঠাৎ দিক পরিবর্তনের সময় সেটি সমস্যা করত। আশা করি সবকিছু ভালোই হবে।’

দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকায় এই প্রস্তুতি ম্যাচটি লিটনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ফিট ঘোষণা করা হলে ম্যাচের ছন্দ ফিরে পাওয়ার সুযোগ পাবেন অভিজ্ঞ এই ব্যাটার। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর থেকেই ডারউইনে অনুশীলন করছে বাংলাদেশ দল। অতিরিক্ত বাউন্স ও গতির সঙ্গে মানিয়ে নিতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন কোচিং স্টাফের সদস্যরা।

পেসার হাসান মাহমুদও প্রস্তুতি ম্যাচটির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, ‘টেস্ট সিরিজের আগে আমাদের প্রস্তুতির জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এখানকার কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে এটি অনেক সাহায্য করবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনুশীলন খুব ভালো হচ্ছে। আজ ফিল্ডিং, ব্যাটিং ও বোলিং সবকিছু নিয়েই কাজ করেছি। সামনে আরও কয়েকটি অনুশীলন সেশন আছে। আশা করি সবাই ভালোভাবে প্রস্তুতি শেষ করতে পারবে এবং আমরা সিরিজে ভালো শুরু করতে পারব।’

আরো পড়ুন: