প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবার রোমাঞ্চে বাড়তি রসদ যোগ করবেন নাহিদ, এমনটাই ছিল প্রত্যাশা। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে পড়ে শুধু নাহিদের নয়, স্বপ্নভঙ্গ হয় পুরো বাংলাদেশেরই। নাহিদকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অন্য অনেকের মতো ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপও নাহিদকে অস্ট্রেলিয়ায় বোলিং করতে দেখার অপেক্ষায় ছিলেন। অস্ট্রেলিয়া সিরিজে নাহিদের না খেলাটা হতাশাজনক বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে এক বার্তায় নাহিদের ছিটকে যাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।
এক্সে বিশপ লিখেছেন, 'অনেক ক্রিকেটভক্তের মতো আমিও নাহিদ রানাকে অস্ট্রেলিয়ার কন্ডিশনে বল করতে দেখার জন্য মুখিয়ে ছিলাম। তাই তার না খেলতে পারাটা সত্যিই হতাশাজনক।'
২০২৬ সালে এখন পর্যন্ত ১০ ওয়ানডেতে ২৭ উইকেট শিকার করেছেন নাহিদ। ২ টেস্টে নিয়েছেন ১১ উইকেট। সাম্প্রতিক ফর্ম কিংবা ইমপ্যাক্ট বিবেচনায় এই মূহুর্তে বাংলাদেশ দলের সেরা অস্ত্র নাহিদ। অস্ট্রেলিয়ার বাউন্সি আর গতিময় উইকেটে ব্যবধান গড়ে দেবার সব সামর্থই ছিল এই পেসারের।
তাই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নামার আগে নাহিদকে হারানো যে বাংলাদেশের জন্য বড় এক ধাক্কা। নাহিদকে ছাড়া বাংলাদেশের পেস আক্রমণও অস্ট্রেলিয়ায় আলো ছড়ানোর সামর্থ্য রাখে। সেখানে তাসকিন আহমেদের সঙ্গে হাসান মাহমুদ ও ইবাদত হোসেনকে নিয়ে বোলিং আক্রমণ সাজাতে পারে বাংলাদেশ।