চিকিৎসার জন্য নাহিদ-তাসকিনকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্যারিয়ারের শুরু থেকেই দুই পায়ের শিনবোনের (পায়ের নালির হাড়) সমস্যায় ভুগছেন নাহিদ রানা। সেই চোট সারাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন ডানহাতি এই পেসার। নাহিদের পাশাপাশি অস্ট্রেলিয়াতে চিকিৎসার জন্য যাচ্ছেন তাসকিন আহমেদও। বাংলাদেশের দুই পেসারের সঙ্গে যাচ্ছেন জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম।

জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ। ওই ম্যাচে বোলিং করতে না পারার পাশাপাশি তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারেননি ডানহাতি এই পেসার। পরবর্তীতে দলের সঙ্গে দেশে ফেরেন। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের গ্রামের বাড়িতে অবসর সময় কাটাচ্ছেন তিনি। গ্রামে যাওয়ার আগে চোটের অবস্থা বুঝতে স্ক্যান করিয়েছেন বাংলাদেশের গতিতারকা।

কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, সাইড স্ট্রেইনের গ্রেড টু চোটে ভুগছেন নাহিদ। সেই চোট থেকে সেরে উঠতে প্রায় ছয় থেকে আট সপ্তাহ সময় লাগবে। এজন্য অস্ট্রেলিয়ার সফরে দুই টেস্টের সিরিজ খেলতে যেতে পারছেন না তিনি। টেস্ট খেলতে যেতে না পারলেও ২৮ জুলাই রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ।

সাইড স্ট্রেইনের চোট নয় বরং ক্যারিয়ারের শুরু থেকে ভুগতে থাকা শিনবোনের সমস্যার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে যাচ্ছেন তিনি। ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন কর্মকর্তা। নাহিদের অস্ট্রেলিয়া সফর নিয়ে তিনি বলেন, ‘নাহিদ ক্যারিয়ারের শুরু থেকেই দুই পায়ের শিনবোনের (পায়ের নালির হাড়) সমস্যায় ভুগছেন। সেটা সামলেই এতদিন ধরছে খেলছে।’

‘আমরা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম কখনো যদি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড সফর করার সুযোগ আসে তখন একজন অভিজ্ঞ লোয়ার-লিম্ব বিশেষজ্ঞ দেখিয়ে তার শিনবোনের সমস্যাটি পরীক্ষা করা হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই নাহিদকে অস্ট্রেলিয়ায় একজন শিনবোন শেষজ্ঞের কাছে পাঠানো হচ্ছে। সাইড স্ট্রেইনের চোটের জন্য সে যাচ্ছে না। নাহিদের শিনবোনের ব্যথাটি বেশ পুরনো ও দীর্ঘমেয়াদী চোট।’

আপাতত চোট মুক্ত থাকায় অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের টেস্ট দলে আছেন তাসকিন। এমন পরিস্থিতিতে ডানহাতি পেসারকে কেন অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে সেটাও ব্যাখ্যা করেছেন তিনি। কাঁধের নতুন কোনো নতুন চোট বরং প্রায়শই গোড়ালি চোটে পড়া তাসকিনকে পর্যবেক্ষণের জন্য পাঠানো হচ্ছে।

এ প্রসঙ্গে বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘ক্যারিয়ারের বিভিন্ন সময়ই তাসকিন গোড়ালি চোটে পড়েছে। ওইটা এখন কোন অবস্থায় আছে আমরা সেটার একটা মতামত নেওয়ার জন্য তাকে পাঠাচ্ছি।’

আরো পড়ুন: