অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ, প্রথম টেস্টে নেই লিটন

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাইড স্ট্রেইনের চোটে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। দুই টেস্টের সফরে পাওয়া যাবে না ডানহাতি পেসারকে। চোট থেকে এখনো সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাওয়া যাবে না লিটন দাসকে। প্রথম টেস্টে শরিফুল ইসলামকেও পাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ। ফিটনেস পরীক্ষায় উতরে যেতে পারলে দ্বিতীয় টেস্টে দেখা যেতে পারে তাদের দুজনকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন নাহিদ। পরবর্তীতে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। দেশে ফেরার পর ডানহাতি পেসারের চোটের অবস্থা জানতে স্ক্যান করানো হয়েছে। স্ক্যানে দেখা গেছে, নাহিদ ‘গ্রেড টু’ সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন। টিস্যু সেরে উঠতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে। পরবর্তীতে একটু একটু করে বোলিংয়ে ফিরতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।

বিসিবির মেডিকেল বিভাগের তথ্য অনুযায়ী, চোট পাওয়ার দিন থেকে ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে নাহিদ পুরোপুরি সেরে উঠবেন। দুই টেস্টে সিরিজ খেলতে আগষ্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া যাচ্ছে না গতি তারকাকে। একই সফরে চোট পেয়েছেন শরিফুলও। হ্যামস্ট্রিংয়ের চোটে সফরের মাঝ পথেই দেশে ফেরেন বাঁহাতি এই পেসার। এক সপ্তাহ বিশ্রামের পর পুনর্বাসনও শুরু করেছেন তিনি।

গ্রেড ওয়ান হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন শরিফুল। আগামী ২৯ জুলাই থেকে বোলিংয়ে ফিরতে পারেন তরুণ এই পেসার। বোলিংয়ে ফেরার পর আগামী ১২ আগষ্ট ফিটনেস পরীক্ষা দেবেন শরিফুল। অর্থাৎ প্রথম টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনআ নেই বললেই চলে। ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়ার পাশাপাশি মেডিকেল বিভাগের সবুজ সংকেত পেলে দ্বিতীয় টেস্টে পাওয়া যেতে পারে বাঁহাতি পেসারকে। ঘরের মাঠে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া সিরিজ থেকে চোটে ভুগছেন লিটন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি, জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট এবং ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন। একই কারণে লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) যেতে পারেননি ডানহাতি উইকেটকিপার ব্যাটার। তবে পেশির চোট থেকে সেরে ওঠার পথে তিনি। সিঙ্গাপুরে বিশেষজ্ঞকে দেখানোর পর ২৪ জুলাই পিআরপি চিকিৎসা নিয়েছেন লিটন। ২৮ জুলাই থেকে দৌড়ানো শুরু করবেন তিনি। এরপর ১৩ আগষ্ট ফিটনেস পরীক্ষা দেবেন।

পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফিটনেস পরীক্ষায় সবুজ সংকেত পেলে দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠের ক্রিকেটে ফিরবেন লিটন। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজ খেলার সময় হ্যামস্ট্রিং ও পায়ের পেশির চোটে পড়েছিলেন মুস্তাফিজ। জুলাইয়ের শেষের দিকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে তার। জানা গেছে, আগামী ১৮ আগষ্টের পর থেকে খেলায় ফেরার মতো ফিটনেস ফিরে পাবেন বাঁহাতি এই পেসার। এজন্য বার্মিংহাম ফিনিক্সের হয়ে দ্য হান্ড্রেড খেলতে পারলেন না তিনি।

লম্বা সময় ধরেই চোটে ভুগছেন তানজিম হাসান সাকিব। কদিন আগেই ডানহাতি পেসারের একটি স্ক্যান করানো হয়েছে। বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ অনুাযায়ী, আগামী ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যে একটি স্ক্যান করানো হবে। আপাতত পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তানজিম। ফ্র্যাকচারের উপর নির্ভর করে তার খেলায় ফেরার সময় বেঁধে দেওয়া হবে। তবে ধারণা করা হচ্ছে, বছরের শেষের দিকে খেলায় ফিরতে পারেন তানজিম।

আরো পড়ুন: