ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালো বিসিসিআই

বাংলাদেশ-ভারত সিরিজ
বাংলাদেশ-ভারত সিরিজ, ফাইল ফটো
বাংলাদেশ-ভারত সিরিজ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি এবং নতুন নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতি বা সরকার পরিবর্তন বিসিসিআইয়ের বিবেচ্য বিষয় নয়। দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের ক্ষেত্রে ভারত সরকারের নীতিমালাই অনুসরণ করবে বোর্ড।

গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্বে রয়েছে। পাশাপাশি সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির দায়িত্ব নেবার পর ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহের কথা জানিয়েছেন। বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইকিয়া জানান, বিসিসিআই একটি ক্রিকেট পরিচালনাকারী সংস্থা এবং অন্য দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের কোনো অবস্থান নেই।

সাইকিয়া বলেন, 'বিসিসিআইয়ের কাজ ক্রিকেট পরিচালনা করা। অন্য দেশে কী রাজনৈতিক পরিস্থিতি চলছে, সেটি আমাদের বিষয় নয়। দ্বিপক্ষীয় কিংবা বহুজাতিক ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে আমরা ভারত সরকারের নীতিমালাই অনুসরণ করি।'

তবে বাংলাদেশে পরিস্থিতির পরিবর্তন বিসিসিআইয়ের অবস্থানকে প্রভাবিত করবে কি না এমন প্রশ্নের জবাবে সাইকিয়া বলেন, 'কোনো দেশে গণতান্ত্রিক, অগণতান্ত্রিক বা স্বৈরাচারী সরকার আছে কি না, সেটি আমাদের বিষয় নয়। নির্ধারিত সফর থাকলে আমরা পরিকল্পনা ও সূচি অনুযায়ী এগিয়ে যাব।'

বাংলাদেশ প্রসঙ্গের পাশাপাশি ভারতীয় দলের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনা নিয়েও কথা বলেন বিসিসিআই সচিব। যদিও রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ঘিরে চলা আলোচনা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

সাইকিয়া জানান, জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে এবং এ প্রক্রিয়ায় ক্রিকেট কমিটি, নির্বাচক প্যানেল, কোচিং স্টাফ, প্রধান কোচ ও সংশ্লিষ্ট খেলোয়াড়সহ সব অংশীজন যুক্ত রয়েছেন।

তিনি বলেন, 'আমাদের একটি সুসংগঠিত দল রয়েছে এবং অনেক বিশেষজ্ঞ আছেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সব অংশীজনকে সম্পৃক্ত করা হয়। নিয়মিত আলোচনা চলতে থাকে, তাই এ জন্য আলাদা কোনো বিশেষ বৈঠকের প্রয়োজন হয় না। এটি একটি চলমান প্রক্রিয়া।'

রোহিত শর্মা ও বিরাট কোহলি ২০২৭ বিশ্বকাপে খেলতে আগ্রহী বলে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও প্রধান নির্বাচক অজিত আগারকার এবং প্রধান কোচ গৌতম গম্ভীর এখনো এ বিষয়ে কোনো নিশ্চিত করে কিছু জানাননি। বিসিসিআইয়ের ভেতরে এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সাইকিয়া সরাসরি কিছু বলতে অস্বীকৃতি জানান।

এ প্রসঙ্গে সাইকিয়া বলেন, 'আমি মনে করি না যে এসব বিষয়ে গণমাধ্যম বা জনসাধারণের সামনে কিছু বলা উচিত। এগুলো কৌশলগত আলোচনা এবং আমি সেগুলো প্রকাশ করার জন্য অনুমোদিত নই। বোর্ডরুমের বিষয় বোর্ডরুমেই থাকা উচিত। আমি এসব তথ্য গণমাধ্যমে প্রকাশ করতে পারি না। এগুলো এমন বিষয়, যা বোর্ডের অভ্যন্তরেই থাকা উচিত।'

আরো পড়ুন: