সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব ক্রিকেটে ব্যাপকভাবে প্রভাব ফেলছে আইপিএল। একটা সময় জাতীয় দলের হয়ে খেলার জন্য ক্রিকেটাররা মুখিয়ে থাকতেন। তবে সম্প্রতি এমন ভাবনা থেকে সরে এসেছেন অনেকে। দেশের হয়ে আরও অন্তত কয়েক বছর খেলতে পারতেন, এমন অবস্থাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। হেনরিখ ক্লাসেন, ট্রেন্ট বোল্ট, সুনীল নারিন কিংবা আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটার আছেন সেই তালিকায়।
পাশাপাশি আইপিএলের সঙ্গে জাতীয় দলের খেলার সূচি সাংঘর্ষিক হলে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগকে বেছে নিচ্ছেন ক্রিকেটাররা। কদিন আগে দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফর করেছে নিউজিল্যান্ড। একই ক্যাটাগরির দল নিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে পাকিস্তান। আইপিএলের ফাইনাল খেলতে পারেন, এমন ভাবনায় হেড, কনোলির মতো ক্রিকেটারদের রাখা হয়নি সেখানে।
আইপিএলের প্রভাব নিয়ে স্থানীয় এক ওয়েবসাইটের সঙ্গে আলাপকালে টেলর বলেন, ‘পাকিস্তানে আমাদের সিরিজের মতো আন্তর্জাতিক ম্যাচগুলোও এখন আইপিএল প্রভাবিত। ফাইনাল সামনে (৩১ মে)। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও সেই ফাইনালে খেলবে। কিন্তু এখনো আমরা জানি না কারা খেলবে। এই মুহূর্তে ক্রিকেটে এমনই এক বিশৃঙ্খল পরিস্থিতি চলছে।’
একটা সময় বিশ্ব ক্রিকেটে বোর্ড হিসেবে দাপট দেখাতো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তবে গত কয়েক বছরে তাদের প্রভাব ব্যাপকভাবে কমেছে। এখন পুরো দুনিয়ার ক্রিকেট নিয়ন্ত্রণ করে ভারত। অনেকের কাছে আইসিসি যেন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে সবচেয়ে বেশি লভ্যাংশও পেয়ে থাকে বিসিসিআই। জাতীয় দলের খেলা বাদ দিয়ে ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি দেওয়ায় চটেছেন টেলর। তিনি মনে করেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার কাজ হচ্ছে বিসিসিআইকে খুশি রাখা।
টেলর বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দায়িত্ব এখন ভারতীয় ক্রিকেট বোর্ডকে সন্তুষ্ট রাখা। ক্রিকেট অস্ট্রেলিয়া চায় ক্রিকেটাররা ভারতে গিয়ে খেলুক। কিন্তু বেশির ভাগ অস্ট্রেলিয়ার অনেকেই আইপিএলকে সেভাবে অনুসরণ করে না। আমিও করি না। এটা নিয়ে এক সময় কথাবার্তা কম হতো। কিন্তু এখন এটা বিশ্ব ক্রিকেটের মূল বিষয় হয়ে উঠেছে।’
আইপিএলের বাইরে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনছে ভারতীয় প্রতিষ্ঠানগুলো। কয়েক দিন আগে আলোচনা ছিল, বিগ ব্যাশেও যুক্ত হতে পারেন তারা। তবে কয়েকটি দল অনাগ্রহ দেখানোয় সেটি আপাতত হচ্ছে না। তবে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে বিগ ব্যাশের ম্যাচ। সবকিছু ঠিক থাকলে বিগ ব্যাশের আগামী মৌসুমের প্রথম হতে পারে চেন্নাইয়ে। এমন কিছু নিয়ে টেলর বলেন, ‘এখানে অনেক কিছু জড়িত। কিন্তু মূল কথা হলো—টাকাটাই গুরুত্বপূর্ণ। আর সেটা আছে ভারতের।’