দুই পরিবর্তন নিয়ে দ্বিতীয় ম্যাচের একাদশ সাজায় বাংলাদেশ। একাদশে নেই পেসার শরিফুল ইসলাম ও স্পিনার শেখ মেহেদী হাসান। শরিফুলের জায়গায় সুযোগ পেয়েছেন নাহিদ রানা, মেহেদীর জায়গায় নাসুম আহমেদ।
ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ইনিংসের তৃতীয় ওভারেই নাসুম আহমেদের বলে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন অস্ট্রেলিয়ার ওপেনার জশ ইংলিস। ফেরার আগে ৬ বলে ১১ রান করেন তিনি।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি কুপার কনোলি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরির পর প্রথম টি–টুয়েন্টিতে করেছিলেন ৪৭ রান। তবে দ্বিতীয় ম্যাচে ১ রানেই নাহিদ রানার বলে স্লিপে সাইফ হাসানকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
এরপর অজি অধিনায়ক মিচেল মার্শকে বিদায় করেছেন মুস্তাফিজুর রহমান। ১৯ বলে ২০ রান করে মিড উইকেটে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন মার্শ। তারা ৪৪ রানেই ৩ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায়। তবে এরপর পাল্টা আক্রমণ শুরু করেন টিম ডেভিড ও ম্যাট রেনশ। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৯১ রান।