অস্ট্রেলিয়া সিরিজে খেলা হচ্ছে না লিটনের

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলতে পারেননি লিটন দাস। চোট থেকে সেরে না ওঠায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও পাওয়া যাবে না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।

তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় পেশির চোটে পড়েছিলেন লিটন। প্রাথমিক চিকিৎসার পরও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ফলে ড্রেসিং রুমে ফিরে যেতে হয় ডানহাতি ব্যাটারকে। তবে দলের প্রয়োজনে একেবারে শেষের দিকে ব্যাটিং করতে নেমেছিলেন তিনি।

৪৮ রানের সময় মাঠ ছাড়া লিটন পরবর্তীতে ফিরে হাফ সেঞ্চুরি করেন। ১১ বছরের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার মিরপুরে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন তিনি। ব্যাটিং করলেও উইকেটকিপিং করেননি। লিটনের পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব সামলেছেন নুরুল হাসান সোহান।

পেশির চোট নিয়েই চট্টগ্রামে দলের সঙ্গে গেছেন লিটন। তবে সুস্থ হয়ে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। এমনকি তৃতীয় ও শেষ ম্যাচেও তার খেলা সম্ভাবনা নেই। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, জিম্বাবুয়ে সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন লিটন।

এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে বলেন, ‘এই ধরনের চোট থেকে সেরে অন্তত ২ সপ্তাহের মতো সময় লাগে। খুব সম্ভবত লিটনের এই সিরিজে খেলা হচ্ছে না। আশা করছি জিম্বাবুয়ে সিরিজ দিয়ে সে মাঠে ফিরবে।’

অস্ট্রেলিয়া সিরিজ শেষে চলতি জুনেই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। ২৮ জুন একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সাদা পোশাকের লড়াই শেষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবেন লিটন-নাজমুল হোসেন শান্তরা।

আরো পড়ুন: