অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের বেশি টেস্ট খেলার আকুতি শান্তর

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তানকে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই সিরিজেই হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২০২৪ সালের আগস্টে পাকিস্তানে গিয়ে তাদেরকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এবার ঢাকা টেস্টে পাকিস্তানকে ১০৪ ও সিলেটে ৭৮ রানের জয়ে পাকিস্তানকে আবারও হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন একই দলের সঙ্গে একই কন্ডিশনে খেললে টেস্ট দল গড়ে উঠবে না। তাই প্রতিটি দলের সঙ্গেই টেস্ট খেলতে চান তিনি। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের সঙ্গে বেশি বেশি টেস্ট খেলার জন্য আইসিসির কাছে আকুতি জানিয়েছেন তিনি।

শান্ত সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা টেস্ট ম্যাচ খেলতে চাই। আমরা সব দলের সঙ্গেই খেলতে চাই। আমার মনে হয় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত—এই দলগুলোর সঙ্গেও আমরা আরও বেশি টেস্ট খেলতে চাই, হোম অ্যান্ড অ্যাওয়ে দুইভাবেই। কারণ অভিজ্ঞতা যখন বাড়ে, তখনই দলটা গড়ে ওঠে। না হলে একই দলের সঙ্গে, একই কন্ডিশনে খেললে দল তৈরি করা কঠিন।'

এক সময় বাংলাদেশ খুবই কম সংখ্যক টেস্ট খেলত প্রতি বছর। তবে গত কয়েক বছরে সেই অবস্থার অনেক উন্নতি হয়েছে। বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে নিয়মিত টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এই ব্যাপারটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। তবে বড় দলগুলোর সঙ্গে আরও বেশি ম্যাচ চান তিনি।

শান্ত যোগ করেন, 'আশা থাকবে আইসিসি আমাদের আরও বেশি টেস্ট ম্যাচ দেবে। আমরা এখন বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, এটা ভালো দিক। তবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের সঙ্গেও যদি আরও বেশি ম্যাচ খেলতে পারি, তাহলে সেটা আমাদের দলের জন্য আরও ভালো হবে।'

শান্তর ধারণা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বাংলাদেশের। তবে এই উন্নতির ধারা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে শান্ত বলেন, 'আস্তে আস্তে শেষ দুই তিন বছর ধরে আমি বলব যে উন্নতি হচ্ছে, আগাচ্ছে। কিন্তু তারপরও, যেটা আমি বারবারই বলি যে আরও উন্নতির জায়গা আছে। কিন্তু হ্যাঁ, সামগ্রিকভাবে আমি বলব যে খুব ভালো অবস্থানে আছি আমরা এবং খুব সুন্দরভাবে সামনের দিকে যাচ্ছি। গুরুত্বপূর্ণ, এটা আমরা কীভাবে ধরে রাখি। গুরুত্বপূর্ণ, কীভাবে আমরা এই সময়গুলোতে আরও একটু ভালো ক্রিকেট খেলতে পারি।'

আরো পড়ুন: