হত্যা মামলায় সাকিব-মাশরাফির সম্পৃক্ততা আছে মনে করেন না ইশরাক

বাংলাদেশ ক্রিকেট
সাকিব আল হাসান ও ইশরাক হোসেন
সাকিব আল হাসান ও ইশরাক হোসেন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বোর্ডও সাকিবকে ফেরাতে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছিল। তবে বুলবুলের বোর্ডকে সরিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালকে অ্যাডহক কমিটির প্রধান করা হয়েছে। তার নেতৃত্বেই চলছে বোর্ড। ইশরাক হোসেন জানিয়েছেন সাকিব-মাশরাফি যারা আছেন তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে বলে মনে করেন না তিনি।

সোমবার বিসিবিতে এসেছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক। তিনি এবার ব্রাদার্স ইউনিয়নের হয়ে বিসিবি নির্বাচনের কাউন্সিলর হয়েছেন। তিনি এদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্পষ্টভাবে জানিয়েছেন, নীতিগতভাবে এবং নৈতিকভাবে তিনি মনে করেন না হত্যা মামলাগুলোতে সাকিব-মাশরাফিরা আসলেই জড়িত আছেন।

তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে বলেন, 'আমরা নীতিগতভাবে এবং নৈতিকভাবে আমরা মনে করি যে নির্দিষ্ট যে মামলাগুলা হয়েছে হত্যা মামলায় সেখানে আমার মনে হয় না তাদের কোন সম্পৃক্ততা রয়েছে। আমি বলতে চাই যে অন্য কোন ধরনের যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে সেটা থাকলে সেটা তখন সেইভাবে মামলা হওয়া উচিত বা অভিযোগ আনা উচিত।

আরেক প্রশ্নের উত্তরে তিনি যোগ করেন, 'যেই হত্যা মামলাগুলো তাদের বিরুদ্ধে হয়েছে , এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না এবং আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষও সেটি বিশ্বাস করে। তো সেইভাবেই তাদের বিরুদ্ধে যদি কোন অন্য অভিযোগ থেকে থাকে এবং আমার মনে হয় যে ওনাদের মোকাবিলা করা উচিত বিষয়টা নিয়ে।'

সাকিব-মাশরাফিদের উচিত এসব মামলা সামনাসামনি মোকাবেলা করা। এই প্রসঙ্গে ইশরাক বলেন, 'অবশ্যই আমি বিশ্বাস করি উনারা এসে মুখোমুখি হলে ভালো হয় এবং সেই ক্ষেত্রে আমি তো বললামই যে আমরা যারা ক্রীড়া সংগঠকরা রয়েছি আমরা মনে করি যে তাদের আসলে রাজনৈতিকভাবে তারা যদি কোন ভুল করে থাকে বা করে না থাকে সেটা পরবর্তীতে অন্যভাবে তারা মোকাবিলা করতে পারে এবং জনগণের মতামত নিতে পারে বা জনগণ তাদের মতামত দিতে পারে।'

সাকিব-মাশরাফিদের অবদান নিয়ে ইশরাক যোগ করেন, 'আমরা তো চাই যে আমাদের জাতীয় ক্রিকেটাররা আসুক যাতে করে আমাদের টিম পারফরমেন্স ভালো হয় এখন যা রয়েছে তার থেকে আরো ভালো হয়। কারণ আমরা সবাই জানি সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার, এটা তো অস্বীকার করার উপায় নাই; মাশরাফি বিশ্বের অন্যতম সেরা বোলার বলে আমি বিশ্বাস করি। তো এখন যদি আইনিভাবে একটা পদক্ষেপ নেয়া হয় আমি বিশ্বাস করি যে ক্রীড়া মন্ত্রণালয় সেই ক্ষেত্রে উনাদেরকে সহযোগিতা করবে।'

আরো পড়ুন: