টেস্ট সিরিজ শুরুর আগে পিএসএলে পেশোয়ার জালমিতে একই সঙ্গে খেলেছেন নাহিদ ও বাবর। দুই সতীর্থ কদিনের ব্যবধানেই শত্রুতে পরিণত হয়েছেন। যদিও প্রথম টেস্টের আগে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন বাবর। ফলে সেই ম্যাচে নাহিদের মোকাবিলা করতে হয়নি এই পাকিস্তানি ব্যাটারকে।
সিলেটে ঠিকই বাবরকে বড় ইনিংস খেলতে দেননি নাহিদ। নাহিদের ১৩৭ কিলোমিটার গতির বলে মিড অনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন ৬৮ রান করা বাবর। মূলত গতির হেরফের করে বাবরকে বিভ্রান্ত করেই উইকেট নিয়েছেন নাহিদ। সংবাদ সম্মেলনেও স্বীকার করলেন সেই পরিকল্পনা।
নাহিদ জানিয়েছেন, বাবরের উইকেট তাঁর কাছে বিশেষ কিছু নয়। প্রতিটি উইকেটই তিনি উপভোগ করেন। তবে দলের হয়ে পারফর্ম করতে পারাই উপভোগ করছেন তিনি। নাহিদ বলেন, ‘প্রতিটা ব্যাটসম্যানকে আউট করতেই মজা লাগে। কারণ, সব উইকেটই দলের জন্য গুরুত্বপূর্ণ। আপনি একজন ব্যাটসম্যানকে (আগে) বলে আউট করতে পারবেন না।’
পিএসএল থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট, নাহিদকে নিয়ে আলোচনা চারদিকে। সাবেক ক্রিকেটার থেকে প্রতিপক্ষ, সবার প্রশংসা পাচ্ছেন বাংলাদেশের এই পেসার। এত আলোচনা হলেও পা মাটিতেই রাখছেন নাহিদ। উল্টো জানিয়েছেন, এসব নিয়ে চিন্তা করেন না তিনি। বরং প্রত্যাশার চাপ ভালো কিছু বয়ে আনে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন এই এক্সপ্রেস পেসার।
তিনি যোগ করেন, ‘আশপাশে কী কথা হচ্ছে, সেগুলো দেখছি না। নিজের প্রতি প্রত্যাশাও সেরকম নেই, কারণ তাতে ভালো কিছু আসে না। আমি শুধু নিজের স্কিলটা মাঠে গিয়ে দেখানোর চেষ্টা করি। দল বা অধিনায়ক আমার কাছে কী চাচ্ছে, এটার দিকেই সবসময় মনোযোগ থাকে।’ প্রত্যাশা রাখলে চাপ আরও বাড়ে বলে বিশ্বাস নাহিদের। তাঁর ভাবনাটাও তাই সহজ, ‘উপভোগ করছি এবং চেষ্টা করছি যেন দেশের জন্য ভালো কিছু করতে পারি।’