দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও দ্রুত রান তুলেছেন বৈভব। মাত্র ২১ বলে ৪৬ রান করেন তিনি। যতক্ষণ ক্রিজে ছিলেন, রাজস্থানের রান তোলার গতি ছিল দারুণ। তবে সাঙ্গাকারার চোখে এই ইনিংসের মাঝেও অপূর্ণতা রয়েছে। তার চাওয়া, বৈভব আরও দীর্ঘ সময় ব্যাট করুক এবং ইনিংস বড় করুক।
সাঙ্গাকারা বলেন, 'বৈভব কয়েক ওভার উইকেটে থাকলেই ৩০-৪০ রান করে দেয়। কিন্তু আমরা ওর কাছে আরও বেশি কিছু চাইছি। শুধু ৩০-৪০ রান করলে হবে না, বড় রান করতে হবে। উইকেটে আরও বেশি সময় থাকতে হবে।'
তিনি আরও বলেন, 'চার-ছক্কা ও খুব সহজেই মারতে পারে। কিন্তু প্রতি বলে বড় শট খেলা সম্ভব নয়। কীভাবে ইনিংস গড়ে তুলতে হয়, সেটা ওকে শিখতে হবে। তাহলেই দলকে জেতাতে পারবে।'
ওপেনার হিসেবে বৈভবের পুরো ২০ ওভার ব্যাট করার সক্ষমতা আছে বলেই মনে করেন সাঙ্গাকারা। যদিও এই বয়সেই বৈভবের ওপর বাড়তি চাপ তৈরি করতে চান না তিনি। আসরে এরই মাঝে ১২ ম্যাচে ৪৮৬ রান করেছেন বৈভব। গড় ৪০.৫০, স্ট্রাইক রেট ২৩৪.৭৮। রাজস্থানে তার চাইতে বেশি রান করেননি কেউই।
সাঙ্গাকারা বলেন, 'বৈভব খেলাটা খুব উপভোগ করে। ১৫ বছরের একটা ছেলের সেটাই করা উচিত। ও ব্যাট করতে ভালোবাসে, ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করে। তাই ওর সঙ্গে খুব বেশি ক্রিকেট নিয়ে কথা বলি না।'
রাজস্থানের কোচ আরও বলেন, 'আমি ওকে একটাই কথা বলেছি- যে শট খেলবে, পুরো আত্মবিশ্বাস নিয়ে খেলবে। মনে কোনো সন্দেহ রাখবে না। নেটেও ও সেটাই করার চেষ্টা করে।'