লাল বলের ক্রিকেটে নাহিদ অন্যতম সেরা, বলছেন বাবরও

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গতি ও বাউন্সে নিয়মিতই প্রতিপক্ষের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিচ্ছেন নাহিদ রানা। ম্যাচের আগে কিংবা পরে— প্রতিটা সংবাদ সম্মেলনেই ডানহাতি পেসারকে নিয়ে নিজেদের স্তুতি প্রকাশ করেন কোচিং স্টাফ থেকে তার সতীর্থরা। নাহিদের বোলিংয়ের মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে প্রতিপক্ষ শিবিরেও। বাবর আজমের চোখে তো নাহিদ লাল বলের ক্রিকেটে অন্যতম সেরা একজন পেসার।

রাওয়ালপিন্ডিতে টেস্ট জিততে বড় ভূমিকা রেখেছিলেন নাহিদ। পাকিস্তানের বিপক্ষে ওমন বোলিংয়ের ছাপ রাখছেন সাম্প্রতিক সময়েও। সবশেষ কয়েক সিরিজে নাহিদ প্রায়শই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। পেসারদের যেমন আগ্রাসন কিংবা শরীরীভাষা থাকা ডানহাতি পেসারের মধ্যে সেটার বিন্দুমাত্র ছাপ নেই। দূর থেকে বোঝার উপায় নেই তরুণ এই পেসার নিয়মিতই ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারেন।

মাঠের বাইরে কিংবা বোলিংয়ের বাইরে নাহিদ শান্তশিষ্ট হলেও বল হাতে অন্যরকম। গতি দিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস তুলছেন, ইয়র্কারে স্টাম্পও উপড়ে ফেলছেন। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেটার ছাপ রেখেছেন। সিলেটে টেইলএন্ডারদের গুঁড়িয়ে দিতেও বড় অবদান রেখেছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস বোলিংয়ের কাণ্ডারি হয়ে উঠেছেন তিনি।

পিএসএলে একই দলের হয়ে খেলায় নাহিদকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে বাবরের। ডানহাতি পেসারকে প্রশংসায় ভাসানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়ে বাবর বলেন, ‘আমার মনে হয় সে (নাহিদ রানা) খুবই প্রতিভাবান এবং তার শক্তির জায়গাটা হচ্ছে গতি। সে দুর্দান্ত এবং বোলিংয়ে নিন্ত্রয়ণও খুব ভালো। দিনকে দিন সে তার বোলিংয়ে উন্নতি করছে। ভবিষ্যতের জন্য শুভ কামনা রইলো।’

পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলায় মাঠে নাহিদকে মোকাবেলা করতে হয়নি বাবরের। টুর্নামেন্টের ফাইনাল শেষে অ্যারন হার্ডি বলেছিলেন, টেস্টে নাহিদকে মোকাবেলা করতে মুখিয়ে থাকবেন না বাবর। সেটা অনেকাংশে সত্যিও হয়েছে। চোটের কারণে ডানহাতি পেসার ঢাকা টেস্টে খেলতে পারেননি। সিলেটে একাদশে ফিরেই করেছেন হাফ সেঞ্চুরি। তবে তাকে ফিরতে হয়েছে নাহিদের বলেই।

এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটে নাহিদের বিপক্ষে তিন ম্যাচে মুখোমুখি হয়েছেন বাবর। যেখানে তিনবার আউট হয়েছেন বাংলাদেশি পেসারের বিপক্ষে। নাহিদ বোলার হিসেবে কতটা ভালো এবং তার বিপক্ষে দূর্বলতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘আমি তেমনটা মনে করি না (নাহিদের বিপক্ষে আপনার দূর্বলতা আছে?)। লাল বলের ক্রিকেটে সে (নাহিদ) অন্যতম সেরা একজন পেস বোলার।’

‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনি যেকোনো দলের বিপক্ষে খেললেই ১৪০ থেকে ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করা বোলারদের পাবেন। আপনাকে সেই পরিস্থিতিতে সামলাতে জানতে হবে। আমি সবসময়ই আমার স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করি। ক্রিকেটে কখনো রান আসবে, আবার কখনো আপনি ক্যাচ আউট হবেন। এটাই স্বাভাবিক।’

আরো পড়ুন: